২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলছে ফেনীর সীমান্ত হাট

ফেনীর ছাগলনাইয়া ও ভারতের শ্রীনগর সীমান্তে আরো একটি সীমান্ত হাটের উদ্বোধন হচ্ছে মঙ্গলবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2015, 07:25 PM

Updated : 25 Apr 2022, 12:53 PM

অন্য সীমান্ত হাট দুটির মতোই রাধানগর ইউনিয়নের মোকামিয়া গ্রামের এই হাটে সপ্তাহে একদিন বিনাশুল্কে পণ্য কেনাবেচা করতে পারবে দুই দেশের মানুষ।

হাটের ৫কিলোমিটারের মধ্যে বসবাসকারীরা স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য এই হাটে কেনাবেচার সুযোগ পাবেন। প্রত্যেক বিক্রেতা সর্বোচ্চ ১০০ ডলার মূল্যের মালামাল বিক্রি করতে পারবেন। বেচাকেনা চলবে দুই দেশের মুদ্রাতেই।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, ভারতের বাণিজ্য প্রতিমন্ত্রী সীতারামন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার ও ঢাকায় ভারতের হাই কমিশনার পঙ্কজ সরণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।

ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশের সীমান্তে এটি হবে তৃতীয় সীমান্ত হাট।

সোমবার সচিবালয়ে পঙ্কজ সরণের সঙ্গে এক বৈঠকের পর তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে চুক্তি অনুযায়ী এই সীমান্ত হাট খোলা হচ্ছে।

এর আগে কুড়িগ্রামের বালিয়ামারী ও ভারতের বালাট সীমান্তে এবং বাংলাদেশের ডোলরা ও ভারতের মেঘালয় সীমান্তে দুটি হাট চালু করা হয়।

২০১০ সালের জানুয়ারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় উভয়পক্ষ সীমান্তে এই হাট চালুর বিষয়ে একমত হয়। এরপর দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়।

এসব সীমান্ত হাট দিয়ে দুই দেশের মধ্যে বছরে ২ কোটি ডলারের ব্যবসা হবে বলে সে সময় দুই সরকারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হলেও এখনকার হাট দুটি স্থানীয়দের মধ্যে তেমন সাড়া ফেলতে পারেনি বলে গণমাধ্যমের খবর।   

হাই কমিশনারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বাণিজ্য বাড়াতে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

“মদ ও তামাক ছাড়া বাংলাদেশের সব পণ্য ভারতে শুল্কমুক্ত সুবিধা পেলেও কিছু বাধা আছে। তা দূর করতে আলোচনা হয়েছে।”

ভারতের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে চান জানিয়ে পঙ্কজ শরণ বলেন, বিনিয়োগ হলে বাংলাদেশের রপ্তানি বাড়বে। ভারত ছাড়াও অন্য দেশে বাংলাদেশ পণ্য রপ্তানি করতে পারবে।