২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ চামড়া সংগ্রহের লক্ষ্য

এবার কোরবানির ঈদে বৃহত্তর চট্টগ্রাম থেকে সাড়ে চার লাখ পশুর কাঁচা চামড়া সংগ্রহ করা যাবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2014, 09:51 PM

Updated : 13 Oct 2022, 12:39 PM

পুরনো খবর:

চামড়ার মূল্য নির্ধারণ, দাম গতবারের চেয়ে কম

এসব চামড়া প্রক্রিয়াজাত করে ঢাকা ও চট্টগ্রামের ট্যানারি মালিকদের কাছে বিক্রি করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের চামড়া ব্যবসায়ীরা।

চট্টগ্রাম কাঁচা চামড়া আড়তদার ব্যবসায়ী সমিতির সদস্য ও সাবেক সভাপতি মুসলিম উদ্দিন জানান, চট্টগ্রামে এবার সমিতির সদস্যসহ ১৬০ জন আড়তদার কাঁচা চামড়া সংগ্রহ করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “কক্সবাজার, রাঙামাটি ও বান্দরবানসহ বৃহত্তর চট্টগ্রাম থেকে সাড়ে তিন লাখের মতো গরু, এক লাখ ছাগল এবং ১০ হাজারের মতো মহিষের চামড়া সংগ্রহ করা হবে বলে আশা করছি।”

তিনি জানান, কোরবানির দিন দুপুর থেকেই নগরী ও জেলার বিভিন্ন এলাকার ছোট ব্যবসায়ী, দালাল ও ফড়িয়ারা সরাসরি চামড়া কিনবেন। পরে তাদের কাছ থেকে আড়তদাররা চামড়া কিনে নেবেন।

এসব চামড়ার আড়তে লবণ দিয়ে ১৫-২০ দিন সংরক্ষণের পর ট্যানারি মালিকরা কিনবেন।

চট্টগ্রামে দুটি ট্যানারি কারখানা আছে। এর মধ্যে মদিনা ট্যানারি চামড়া কেনা বন্ধ রেখেছে। চালু থাকা রিফ ব্রাদার ট্যানারি এবার এক লাখের মতো চামড়া সংগ্রহ করবে বলে জানান মুসলিম।

বাকি চামড়া ঢাকার ট্যানারি মালিকরা কিনবেন বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।

চট্টগ্রামে সমিতির ১১২ জন সদস্য থাকলেও আড়তদার রয়েছেন ১৬০ জনের মতো।

ট্যানারি ব্যবসায়ীরা এবার ঢাকায় প্রতি বর্গফুট গরুর চামড়া ৭০ থেকে ৭৫ টাকা এবং চট্টগ্রামে ৬০ থেকে ৬৫ টাকা দরে কেনার ঘোষণা দিয়েছে। এছাড়া সারাদেশে প্রতি বর্গফুট মহিষের চামড়ার দাম ৩৫ থেকে ৪০ টাকা এবং ছাগলের চামড়ার ৩০ থেকে ৩৫ টাকা ধরেছেন তারা।

মুসলিম বলেন, এবারে দাম কম নির্ধারণ করায় সংগ্রহের পর ট্যানারি মালিকরা আড়তদারদের কাছ থেকে কম টাকায় চামড়া নেবেন।

‘‘এছাড়া ঢাকার ব্যবসায়ীরা যখন লবণযুক্ত চামড়া সংগ্রহ করবেন তখন অর্ধেক টাকা দিয়ে বাকি অর্ধেক বকেয়া রাখেন। এতে করে আমরা ক্ষতির সম্মুখীন হতে পারি।’’

মুসলিম বলেন, ‘‘চট্টগ্রামের ট্যানারি দুটি আড়তদারদের পুরো নগদ টাকা দিয়েই চামড়া সংগ্রহ করতো। এবারে রিফ ট্যানারি শুধুমাত্র এক লাখের মতো চামড়া কিনতে পারে বলে জেনেছি।’’ 

গত বছর কোরবানির ঈদে সারাদেশে গরু-ছাগল-মহিষ মিলিয়ে ৬৫ লাখ ৩৯ হাজার ২০৮টি চামড়া সংগ্রহ করা হয়।