চামড়ার মূল্য নির্ধারণ, দাম গতবারের চেয়ে কম
সরকারের নির্দেশনা মেনে চামড়া ব্যবসায়ীরা কোরবানির পশুর চামড়ার সংগ্রহের মূল্য নির্ধারণ করলেও তা গত বছরের তুলনায় বেশ কম।
ট্যানারি ব্যবসায়ীরা এবার রাজধানীতে প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া কিনবেন ৭০ থেকে ৭৫ টাকায়। ঢাকার বাইরে এর দাম হবে ৬০ থেকে ৬৫ টাকা।
এছাড়া প্রতি বর্গফুট লবণযুক্ত মহিষের চামড়ার দাম ধরা হয়েছে ৩৫ থেকে ৪০ টাকা। সারা দেশে খাসির লবণযুক্ত চামড়া ৩০ থেকে ৩৫ টাকা এবং বকরির চামড়া ২৫ থেকে ৩০ টাকায় সংগ্রহ করা হবে।
শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই দাম ঘোষণা করেন সংগঠনের সভাপতি আবু তাহের।
তিনি বলেন, “আমরা আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিলিয়ে চামড়ার দর নির্ধারণ করেছি। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে দাম কমায় আমরাও বাধ্য হচ্ছি কম দাম নির্ধারণে।”
গত বছর সরকার নির্ধারিত দাম অনুযায়ী ব্যবসায়ীরা ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া কেনেন ৮৫-৯০ টাকায়। আর ঢাকার বাইরে তা কেনা হয় ৭৫-৮০ টাকায়।
সারাদেশে প্রতি বর্গফুট খাসির চামড়ার দাম গত বছর ছিল ৫০-৫৫ টাকা। বকরির চামড়া ৪০-৪৫ টাকা এবং মহিষের চামড়া ৪০-৪৫ টাকায় বেঁধে দেওয়া হয়েছিল।
গত বছর সরকার দাম ঠিক করে দিলেও এবার বাণিজ্যমন্ত্রীর নির্দেশে চামড়া ব্যবসায়ীদের তিন সংগঠন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ হাইড মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার অ্যাসোসিয়েশন এই মূল্য নির্ধারণ করেছে।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যারা মৌসুমি ভিত্তিতে এলাকায় এলাকায় ঘুরে চামড়া সংগ্রহ করেন, তাদের প্রতি অনুরোধ- বেশি দামে চামড়া কিনবেন না। তা না হলে লোকসানে পড়তে হতে পারে।”
কোরবানির পশুর চামড়া সংগ্রহের ৬ ঘণ্টার মধ্যে লবণ দেওয়ার জন্য মৌসুমি ব্যবসায়ীদের পরামর্শ দেন আবু তাহের।
অন্যদের মধ্যে হাইড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রধান আলী হোসেনও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
ট্যানারি মালিকরা সারা বছরই কম-বেশি চামড়া সংগ্রহ করলেও কোরবানির ঈদেই একসঙ্গে সবচেয়ে বেশি চামড়া কেনার সুযোগ হয় তাদের। সারা বছর দেশে যে পরিমাণ কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করা হয়, তার ৪৮ শতাংশই সংগ্রহ করা হয় এ সময়টায়।
সাধারণত মৌসুমি ব্যবসায়ী ও ফড়িয়াদের হাত ঘুরে কোরবানির কাঁচা চামড়া ট্যানারি ব্যবসায়ীদের হাতে আসে। পরে প্রক্রিয়াজাত করে তৈরি হয় বিভিন্ন পণ্য।
এ বছর কোরবানিতে সারা দেশ থেকে ৭০ থেকে ৭৫ লাখ চামড়া সংগ্রহ হবে বলে ব্যবসায়ীরা মনে করছেন।
এবার কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দেওয়ার বিরোধিতা করে বাজার পরিস্থিতির ওপর নির্ভর করে চামড়া সংগ্রহের আগ্রহের কথা বলেছিলেন ট্যানারি ও চামড়া ব্যবসায়ীরা।
তাদের যুক্তি ছিল, চামড়ার ব্যবসায় সরকারি প্রণোদনা উঠে যাওয়ায় ব্যবসায়ীরা ক্ষতির মুখে রয়েছেন। এই অবস্থায় দাম বেঁধে দিলে তারা আরো বিপড়ে পড়বেন।
তবে গত ৩০ সেপ্টেম্বর এ খাতের তিন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, “আমরা সরকার থেকে চামড়ার মূল্য নির্ধারণ করতে চাই না।
জনগণ যাতে উপযুক্ত মূল্য পায়, আপনাদেরও (ব্যবসায়ী) যাতে সুবিধা হয় সে দিকে খেয়াল রেখে মূল্য নির্ধারণ করবেন।”
কোরবানির চামড়া বিক্রির টাকা এতিমখানাসহ গরিব মানুষকে দেয়া হয় উল্লেখ করে তোফায়েল বলেন, “চামড়ার ন্যায্য মূল্য মানুষ যাতে পায় সেদিকে খেয়াল রাখতে হবে।”
ঈদের পর ৩০ দিন যাতে চামড়া পাচার না হয় সে ব্যাপারে সরকার পদক্ষেপ নিয়েছে জানিয়ে মন্ত্রী সেদিন বলেন, শুক্রবারের মধ্যে চামড়ার দাম নির্ধারণ করে তা মোবাইলে এসএমএস করে মাঠ পর্যায়ের ক্রেতাদেরও জানিয়ে দিতে হবে।
আন্তর্জাতিক বাজারে দাম কত কমেছে জানতে চাইলে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের শাহিন আহমেদ সংবাদ সম্মেলনে বলেন, দাম ২০/২৫ সেন্ট কমে গেছে। পাশাপাশি দেশে ডলারের দামও পড়ে গেছে।
অবশ্য আইএমএফের প্রাথমিক পণ্যের মাসিক দাম পর্যালোচনায় দেখা যায়, সাম্প্রতিক মাসগুলোতে আন্তর্জাতিক বাজারে চামড়ার দাম বেড়েছে।
শাহিন বলেন, চীন সরকার চামড়াপণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করায় সেখানে বাংলাদেশ থেকে চামড়া রপ্তানি কমে গেছে। রাজনৈতিক অস্থিরতার কারণে হংকংয়েও রপ্তানির আদেশ কমেছে।
চামড়া কেনার জন্য সরকারি ব্যাংকগুলোর ৫০২ কোটি টাকার ঋণ বিতরণের যে তথ্য গণমাধ্যমে এসেছে, তা ‘শুভঙ্করের ফাঁকি’ বলে মন্তব্য করেন এই ব্যবসায়ী নেতা। তার দাবি, পুরনো ঋণের তথ্য ঢুকিয়ে হিসাব বড় দেখানো হচ্ছে।
আবু তাহের দাম কমার পেছনে বাংলাদেশ থেকে চামড়া কেনার বিষয়ে বড় ব্র্যান্ডগুলোর অনীহার কথা বলেন।
চামড়া প্রক্রিয়াজাত করবার প্রক্রিয়া ‘পরিবেশ সম্মত’ না হওয়ার কথা বলে অনেক ব্র্যান্ড বাংলাদেশ থেকে চামড়া কেনা বন্ধ করে দিয়েছে। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার ক্রেতারাও বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর কোরবানিতে সারা দেশে ৬৫ লাখ ৩৯ হাজার ২০৮টি পশু জবাই হয়।
এর মধ্যে গরু ছিল ৩৩ লাখ ১২ হাজার ৮৫১টি, ছাগল ২২ লাখ ৪৬ হাজার ৮৮৬টি এবং অন্যান্য পশু ৩৮ হাজার ৩৭টি।
তবে ব্যবসায়ীদের হিসাবে কোরবানির পশুর সংখ্যা ছিল অন্তত ৭০ লাখ।
