তোবাকর্মীরা রাজপথে; মালিকের কথা, ‘টাকা নেই’
দুই মাসের বকেয়া বেতন এবং আগেরটিসহ এই ঈদের বোনাসের দাবিতে বিজেএমইএ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে তোবা গ্রুপের কয়েকশ শ্রমিক।
এদিকে বন্ধ থাকা এই পোশাক কারখানার মালিক দেলোয়ার হোসেন দাবি করেছেন, শ্রমিকদের পাওনা পরিশোধের মতো অর্থ তার কাছে এখন নেই; যদিও তার অন্য কয়েকটি কারখানা সচল রয়েছে।
তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের মামলায় তোবা গ্রুপের মালিক দেলোয়ার কারাগারে থাকার মধ্যে তার অন্য পাঁচটি কারখানায় ঈদুল ফিতরের আগে বেতন ও ঈদ বোনাস বকেয়া পড়ে।
রাজধানীর বাড্ডায় তোবা গ্রুপের ওই পাঁচ কারখানার দেড় হাজার শ্রমিকের অনশনের পর বিজিএমইএ’র মধ্যস্থতায় শ্রমিকদের বেতন দেওয়া হলেও বোনাস পরে দেওয়ার আশ্বাস দেওয়া হয়।
শ্রমিকদের আন্দোলনের মধ্যে ঈদুল ফিতরের আগে দেলোয়ার মুক্তি পেলেও কারখানাগুলো আর সচল হয়নি, পরিশোধ করা হয়নি শ্রমিকদের বাকি পাওনাও।
তাই পাওনার দাবিতে ঈদুল আজহার দুদিন আগে শনিবার বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নেয় তোবার শ্রমিকরা, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারাও তাদের সঙ্গে ছিলেন।
তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির আহ্বায়ক মোশরেফা মিশু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই মাসের বেতন কিংবা দুটি ঈদ বোনাস না হোক, কোরবানি ঈদের আগে যদি অন্তত এক মাসের বেতনও শ্রমিকদের দেওয়া হয় তাহলেও মেনে নেবেন তারা।
“জমি ব্যাংকের কাছে মর্টগেজ রাখা, ব্যাংক ঋণ দিতে চাচ্ছে না। ভেবেছিলাম তাজরীনের ইন্স্যুরেন্সের টাকাটা পেলে শ্রমিকদের বেতন পরিশোধ করব, কিন্তু সেটাও পাচ্ছি না। কবে নাগাদ পাব, সেই নিশ্চয়তাও নেই।”
তোবা গ্রুপের শ্রমিক আবিরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দেলোয়ারের মালিকানায় আরো কয়েকটি কারখানা চলছে এবং সেখানে বেতন-বোনাস পরিশোধ করেই ঈদের ছুটি দেওয়া হয়েছে।
শ্রমিক নেতা মন্টু ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি যদ্দুর জানি, তার (দেলোয়ার) মালিকানায় অন্তত ছয়টি কারখানা এখন সচল আছে এবং সেখানকার শ্রমিকরা নিয়মিত বেতন পাচ্ছেন।”
বিষয়টি স্বীকার করে দেলোয়ার বলেন, “তিন-চারটি কারখানা চলছে…আমার তো বিজিএমইএর ধারটা পরিশোধ করতে হবে, তাই নানা জায়গা থেকে ধার-দেনা করে এই কারখানাগুলো চালাচ্ছি।”
দেলোয়ার ফেরত দেবেন- এই শর্তে গত ঈদের আগে বিজিএমইএ তোবা শ্রমিকদের বেতন পরিশোধ করেছিল।
কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নেওয়া তো গ্রুপের কয়েকজন শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চাকরি নিয়ে অনিশ্চয়তা এবং বেতন না পেয়ে তারা অসহায় হয়ে পড়েছেন।
আকলিমা আক্তার আঁখি (৩২) নামে এক শ্রমিক বলেন, “পোলাপানগুলারে আরেক বাড়িতে রাইখা আইজ এইহানে আইছিলাম।মনে করছিলাম, আইজ বেতন পাইলে বাড়ি ভাড়ার টাকাডা দিয়া যা বাঁচব ওইডা দিয়া ঈদ করুম। কিচ্ছুই তো পাইলাম না।”
উত্তর বাড্ডায় একটি ঘর ভাড়া নিয়ে মেয়ে রিমি (৯) এবং ছেলে সজিব (০৭)কে নিয়ে থাকেন পোশাককর্মী আঁখি। দুই মাসের বাড়িভাড়া বাকি পড়ায় শনিবার বাড়িওয়ালা ঘরে তালা লাগিয়ে দিয়েছেন বলে জানান তিনি।
আঁখির মতো অবস্থা তাহমিনা বেগম, শিল্পী খাতুন এবং আবিরুলেরও; এরাসহ ৩৫ লাখ শ্রমিকের হাতের স্পর্শে তৈরি হওয়া পোশাক রপ্তানি করে বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে।
শিল্পী বলেন, “গত ঈদ তো রাস্তায় করসি, এই ঈদও পোলাপান নিয়া রাস্তায়ই করতে হইব।”
তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির নেতা শহীদুল ইসলাম সবুজ বলেন, তারা দেড় মাস ধরে বহু জায়গায় দেন দরবার করেছেন যেন তোবা গ্রুপের পাঁচটি কারখানার শ্রমিকদের অগাস্ট ও সেপ্টেম্বর মাসের বেতন এবং দুই ঈদের বোনাস দেওয়া হয়। আশ্বাস মিললেও তার বাস্তবায়ন হয়নি।
পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকদের নিয়ে সকাল ১১টায় বিজিএমইএ সহসভাপতি শহীদুল্লাহ আজিমের বাসা ঘেরাও করেছিলেন সবুজ।
“কিন্তু এখানে এসে আমরা শুনলাম, তিনি আজ বিজিএমইএ ভবনে আসেননি।”
শ্রমিক নেতা মোশরেফা মিশু বলেন, “শ্রমিকরা কোনও ভিক্ষা বা করুণা চাইছে না। তারা শুধু তাদের ন্যায্য পাওনা চায়। আমরা তোবা গ্রুপ মালিক এবং বিজিএমইএ কর্তৃপক্ষকে বারবার বলেছি, দুই মাসের না হোক অন্তত একমাসের বেতন শ্রমিকদের দিন, নইলে তারা টিকে থাকতে পারছে না। কিন্তু তারা এই দাবিও না মেনে শুধু টালবাহানা করছে।”
সামনে কোনও কর্মসূচি দেওয়া হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, ঈদের পরে ১৫ অক্টোবর সমাবেশ ডেকেছেন তারা। ওই সমাবেশেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
