২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তোবাকর্মীরা বেতন না নিলে পরে দেবে না বিজিএমইএ

তোবা গ্রুপের শ্রমিকরা বেতন নিতে চাইলে বিজেএমইএ ভবনে যেতে হবে, যারা যাবে না তাদের পাওনা পরিশোধের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়েছেন পোশাক শিল্প মালিক নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2014, 09:55 PM

Updated : 13 Oct 2022, 12:24 PM

পুরনো খবর:

‘তোবাকর্মীদের বকেয়া বুধবার না পেলে হরতাল’
তোবা নিয়ে রাজনীতিতে বাম নেতারা: বিজিএমইএ

তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিকের প্রাণহানির মামলায় মালিক দেলোয়ার হোসেনের কারাগারে থাকার মধ্যে তিন মাসের বেতন বকেয়া পড়ে তোবা গ্রুপের পাঁচ কারখানায়।

বেতন দাবিতে ঈদের আগের দিন থেকে রাজধানীর বাড্ডায় কারখানা ভবনে তোবার দেড় হাজার শ্রমিক অনশন শুরু করলে বিজিএমইএ দুই মাসের বেতন পরিশোধের বন্দোবস্ত করে।

কারওয়ান বাজারে বিজিএমইএ ভবন থেকে ওই বেতন দেয়ার কথা শিল্প মালিক নেতারা জানালে তার বিরোধিতা করে শ্রমিকরা বলে, দুই মাসের নয়, তাদের তিন মাসের বেতন দিতে হবে এবং তা কারখানায় গিয়ে তাদের হাতে তুলে দিতে হবে।

তোবা শ্রমিকদের পক্ষে আন্দোলনে নামা বিভিন্ন শ্রমিক সংগঠন মঙ্গলবার বিজিএমইএ ভবন ঘেরাও করে।

এরপর এক সংবাদ সম্মেলনে বিজিএমইএ’র সহসভাপতি এস এম মান্নান কচি দাবি করেন, ওই ঘেরাও কর্মসূচিতে তোবার শ্রমিকরা ছিল না, শুধু বামপন্থি দলগুলো ছিল।

এরপর সন্ধ্যায় বিজিএমইএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “তোবা গ্রুপের কারখানাগুলোর কোনো শ্রমিক-কর্মচারী কোনো কারনে মে ও জুন মাসের বকেয়া বেতন/মজুরি গ্রহণের জন্য বুধবার নির্ধারিত সময়ে বিজিএমইএ অফিসে উপস্থিত হতে ব্যর্থ হলে ভবিষ্যতে তার কোনো দায় বিজিএমইএ-এর উপর বর্তাবে না।”

বুধবার সকাল ৯টা থেকে বিজিএমইএ ভবনে তোবা গ্রুপের শ্রমিকদের বেতন দেয়া হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Image
কারখানা ভবনে অনশনে তোবা গ্রুপের শ্রমিকরা

কারখানা ভবনে অনশনে তোবা গ্রুপের শ্রমিকরা

পোশাক মালিকদের সংগঠন হিসেবে বিজিএমইএ’র দায় থাকার কথা বিভিন্ন মহল থেকে বলা হলেও তারা বলে আসছিলেন, নির্দিষ্ট কোনো কারখানার বেতন দেয়ার দায়িত্ব তাদের নয়, তারা শুধু মানবিক কারণে তোবার শ্রমিকদের বেতনের ব্যবস্থা করছেন।

মান্নান কচি সোমবার সাংবাদিকদের বলেন, তোবা গ্রুপের ১৬০০ শ্রমিকের দুই মাসের বেতন দিতে ২ কোটি ৩৬ লাখ টাকা দরকার হচ্ছে, যা সংস্থানে তারা ধার-দেনাও করছেন।

বিজিএমইএ নেতারা বলে আসছিলেন, তোবার মালিক দেলোয়ার মুক্তি পেলেই বেতন নিয়ে এই জটিলতা মিটে যাবে।

নিজের আরেক কারখানায় অগ্নিকাণ্ডে ১১২ শ্রমিকের মৃত্যুর মামলায় দেলোয়ার গত ২৪ জুলাই হাই কোর্ট থেকে জামিন পাওয়ার পর মঙ্গলবার কারাগার থেকে বেরিয়ে এসেছেন।

শ্রমিকরা অভিযোগ করে আসছে, দেলোয়ারের মুক্তির জন্যই বেতন সংক্রান্ত এই জটিলতা তৈরি করা হয়েছে।