২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তোবাকর্মীদের বকেয়া বুধবার না পেলে হরতাল’

তোবা গ্রুপের শ্রমিকদের সব বকেয়া পাওনা বুধবারের মধ্যে পরিশোধ করা না হলে হরতাল ধর্মঘটের মতো কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2014, 12:29 PM

Updated : 22 Aug 2022, 08:38 PM

মঙ্গলবার বিজিএমইএ ভবন ঘেরাও কর্মসূচিতে গার্মেন্টস শ্রমিক সংহতির আহ্বায়ক তাসলিমা আক্তার বলেন, "বুধবারের মধ্যে সব পাওনা পরিশোধ করা না হলে হরতাল ধর্মঘটের মতো বৃহত্তর কর্মসূচির জন্য প্রস্তুত থাকুন।"

সকাল সাড়ে ১১টার দিকে পুলিশের বাধার মধ্যেই বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নিয়ে বকেয়া বেতন বোনাসের দাবিতে সমাবেশ শুরু করে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটি।

এর আগে সংগ্রাম কমিটির ব্যানারে শতাধিক শ্রমিকের একটি মিছিল কারওয়ান বাজারে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় ধাক্কা-ধাক্কি শুরু হলে পুলিশ কয়েকজনকে লাঠিপেটাও করে।

তাসলিমা আক্তার সমাবেশে বলেন, “শ্রমিকদের দাবি আদায়ের সঙ্গে যে সব সংগঠন সংশ্লিষ্ট নয়, তাদের সঙ্গে বিজিএমই ত্রিপক্ষীয় চুক্তি করেছে। যেসব দালাল এই চুক্তিতে অংশ নিয়েছে, তাদের আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি।”

তিন মাসের বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে গত নয় দিন ধরে বাড্ডায় কারখানা ভবনে অনশন চালিয়ে আসছেন তোবা গ্রুপের পাঁচটি কারখানার দেড় হাজারেরও বেশি শ্রমিক।

তাদের বেতন পরিশোধের কয়েক দফা চেষ্টা ব্যর্থ হওয়ার পর সরকারের মধ্যস্থতায় রোববার বিকালে বিজিএমইএ ভবনে ত্রিপক্ষীয় বৈঠক হয়।

বৈঠকের পর আগামী বুধবার বিজিএমইএর পক্ষ থেকে দুই মাসের বেতন দেয়ার কথা জানিয়ে অনশন ভাঙার আহ্বান জানানো হলেও তা প্রত্যাখ্যান করেন আন্দোলনরত শ্রমিকরা।

ওই বৈঠকে ‘শ্রমিক প্রতিনিধি নামে’ অংশ নেয়া কারো সঙ্গে ‘প্রকৃত কোনো শ্রমিকের যোগাযোগ নেই’ বলে দাবি করেন বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের নেতা জহিরুল ইসলাম জহির।

তিনি বলেন, "গৃহপালিত ট্রেড ইউনিয়ন আমরা মানি না। না খেয়ে অনশন করেন মিশু আপা (শ্রমিক নেত্রী মোশরেফা মিশু), আর আপনারা জরিনা সখিনাদের নিয়ে মিটিং করেন। এর পরনতি ভয়াবহ হবে।"

দাবি আদায়ে প্রয়োজনে সারাদেশে লাগাতার কর্মসূচি দেয়ার হুমকি দেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল।

তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির সঙ্গে থাকা ১৫টি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকালে বিজিএমইএ ভবন ঘেরাওয়ের জন্য কারওয়ানবাজার এলাকায় জড়ো হতে থাকেন। তোবা গ্রুপের শ্রমিকরাও তাদের সঙ্গে ছিলেন। 

এই কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই বিজিএমইএ ভবন এলাকায় ব্যাপক নিরাপত্তা নেয়া হয়।

পুলিশের রমনা জোনের এসি (পেট্রোল) ইমানুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোনো অপ্রীতিকর পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেজন্যই এই সতর্কতা।”

তবে বেলা ১১টার পর শ্রমিকরা মিছিল নিয়ে বিজিএমইএ ভবনের সামনে উপস্থিত হলে পুলিশ প্রথমে তাদের বাধা দেয় ও পরে কয়েকজনকে লাঠিপেটাও করে।

গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের নেতা শামীম ইমাম অভিযোগ করেন, "পুলিশ শ্রমিকদের নয়, বরং মালিকদের রক্ষা করছে, যার প্রমাণ শ্রমিকদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের লাঠিপেটা।"

এর আগে তোবাকর্মীদের বেতন বোনাসসহ পাঁচ দফা দাবির সঙ্গে সংহতি জানিয়ে গণতান্ত্রিক বাম মোর্চা সোমবার শ্রমমন্ত্রণালয় ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ে। পরে তারা সচিবালয়ের সামনে পথসভা করেন।

শ্রমিকদের বকেয়া বেতন বুধবারের মধ্যে পরিশোধ করা না হলে হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেয়া হবে বলে ওই পথসভা থেকেও ঘোষণা দিয়েছিলেন বাম মোর্চার সমন্বয়কারী শুভ্রাংশু চক্রবর্তী।

এছাড়া তোবাকর্মীদের আন্দোলনে সংহতি জানানো ৩০টি শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা সোমবার প্রেসক্লাবের সামনে প্রতীকী অনশন করেন।

তোবাকর্মীদের পাঁচ দফা দাবি হলো- শ্রমিকদের বকেয়া বেতন, ওভারটাইম এবং ঈদের বোনাস অবিলম্বে পরিশোধ, তোবা গ্রুপের দেড় হাজারেরও বেশি শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করার জন্য সব কারখানা সচল রাখা, যে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েছেন তাদের সরকারিভাবে শারীরিক ও মানসিক ক্ষতিপূরণ নিশ্চিত করা, তোবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেলোয়ার হোসেনের জামিন বাতিল এবং তাজরীন গার্মেন্টসে হতাহত ও নিখোঁজ শ্রমিক ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া।

</div>  </p>