২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তোবা নিয়ে রাজনীতিতে বাম নেতারা: বিজিএমইএ

তোবা গ্রুপের শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন পরিশোধের ‘সুনির্দিষ্ট সময়’ দেয়ার পরও কিছু বাম সংগঠন বিষয়টি নিয়ে রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2014, 07:33 PM

Updated : 13 Oct 2022, 12:24 PM

মঙ্গলবার দুপুরে তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির বিজিএমইএ কার্যালয় ঘেরাও কর্মসূচির পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন গার্মেন্ট মালিকদের এ সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এস এম মান্নান কচি।

তিনি বলেন, আন্দোলনে তোবা গার্মেন্টের কোনো শ্রমিক ছিলেন না, ছিলেন বামপন্থি নেতারা।

“তোবার বিষয়টি নিয়ে রাজনীতি শুরু হয়েছে। তোবার পাঁচটি কারখানায় চারটিতেই ট্রেড ইউনিয়ন রয়েছে। আমরা সেসব ট্রেড ইউনিয়নের নেতাদের সাথে কথা বলেছি। আমরা সকলে মিলেই দুই মাসের বেতন দেয়ার বিষয়ে একমত হয়েছি।”

তিন মাসের বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে গত নয় দিন ধরে বাড্ডার হোসেন মার্কেটে কারখানা ভবনে অনশন চালিয়ে আসছেন তোবা গ্রুপের পাঁচ কারখানার দেড় হাজারেরও বেশি শ্রমিক।

তাদের বেতন পরিশোধের বিষয়ে গত রোববার সরকারের মধ্যস্থতায় বিজিএমইএ ভবনে ত্রিপক্ষীয় বৈঠক হয়। বৈঠকে বুধবার বিজিএমইএর পক্ষ থেকে দুই মাসের বেতন দেয়ার কথা জানিয়ে অনশন ভাঙার আহ্বান জানানো হলেও তা প্রত্যাখ্যান করেন আন্দোলনরত শ্রমিকরা।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার বিজিএমইএ ভবন ঘেরাও এবং সমাবেশ করে সংগ্রাম কমিটি।

এ কর্মসূচিতে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের নেতা জহিরুল ইসলাম জহির বলেন, রোববারের বৈঠকে ‘শ্রমিক প্রতিনিধি নামে’ যারা অংশ নিয়েছিলেন, তাদের সঙ্গে ‘প্রকৃত কোনো শ্রমিকের’ যোগাযোগ নেই।

গার্মেন্টস শ্রমিক সংহতির আহ্বায়ক তাসলিমা আক্তার বলেন, “শ্রমিকদের দাবি আদায়ের সঙ্গে যে সব সংগঠন সংশ্লিষ্ট নয়, তাদের সঙ্গে বিজিএমই ত্রিপক্ষীয় চুক্তি করেছে। যেসব দালাল এই চুক্তিতে অংশ নিয়েছে, তাদের আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি।”

এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে এস এম মান্নান কচি বেলেন, “এখন অনেক নেতা বের হচ্ছেন। কতোজনের সাথে কথা বলব। শ্রমিকদের পাওনা দেয়ার বিষয়ে বিজিএমইএ’র আন্তরিকতার ঘাটতি নেই। যারা এখানে স্লোগান দিচ্ছে- তারা কেউই তোবার শ্রমিক নয়।”

পোশাক শ্রমিকদের ১৫টি সংগঠন তোবা গ্রপের অনশনরত শ্রমিকদের নিয়ে সংগ্রাম কমিটির ব্যানারে এই আন্দোলন চালিয়ে আসছে। এর আহ্বায়ক হিসাবে আছেন গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু। তিনি নিজেও অনশনে অংশ নিচ্ছেন।

সংগ্রাম কমিটির সংগঠনগুলো হলো- গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরাম, গার্মেন্ট শ্রমিক ফ্রন্ট, গার্মেন্ট শ্রমিক সংহতি, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন, সমন্বিত গার্মেন্ট শ্রমিক ফেডারেশন, ওএসকে গার্মেন্ট অ্যান্ড টেক্মটাইল শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক আন্দোলন, শ্রমজীবী সংঘ, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বাংলাদেশ গর্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলন, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতি, গার্মেন্টস মজদুর ইউনিয়ন, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, জাতীয় স্যুয়েটার গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক সভা। 

Image
ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ছবি: আসাদুজ্জামান প্রামানিক/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বুধবারের মধ্যে তোবা শ্রমিকদের বকেয়া বেতন-ভাতার পুরো অর্থ পরিশোধ না হলে হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি দেয়ারও ঘোষণা দিয়েছে সংগ্রাম কমিটি।

তবে বিজিএমইএ যে তারিখ দিয়েছে, তাতে বুধবার সকাল ১০টায় বিজিএমইএ ভবন থেকে দুই মাসের বকেয়া বেতন দেয়া হবে। আর জুলাইয়ের বেতন ১০ অগাস্টের মধ্যে পরিশোধ করবে মালিকপক্ষ।

এছাড়া ভাতা ও অন্যান্য পাওনা ওই সময়ের মধ্যেই পরিশোধ করার আশ্বাস দিয়েছে বিজিএমইএ।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি বলেন, সরকার, চারটি ট্রেড ইউনিয়ন ও বিজিএমইএর ‘যৌথ সিদ্ধান্ত অনুযায়ী’ বুধবার সকাল ৯টা থেকে শ্রমিকদের দুই মাসের পাওনা টাকাই পরিশোধ করা হবে।

“বিজিএমইএ আর্থিক প্রতিষ্ঠান নয়, একটি সেবামূলক প্রতিষ্ঠান। এর কোনো আপদকালীন সেল নেই। তবুও মানবিক কারণে বিজিএমইএর পক্ষ থেকে দুই মাসের বেতন দেয়া হচ্ছে।”

তোবার মালিকপক্ষকে বাকি পাওনা সময়মতো পরিশোধ করতে বলা হয়েছে বলে জানান কচি।

শ্রমিক সংগঠনগুলোর দাবি প্রসঙ্গে তিনি বলেন, “বেতন না নিলে রাজনৈতিক নেতাদের কোনো ক্ষতি হবে না, তারা রাজনীতি করে লাভবানই হবেন। কিন্তু যেসব শ্রমিক না খেয়ে আছেন, বেতন না নিলে তারাই ক্ষতিগ্রস্ত হবেন।"

আন্দোলনকারীদের দাবি ছিল- তাদের বকেয়া পরিশোধ করতে হবে তোবা কারখানায়। তবে বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি জানিয়েছেন, বেতন নিতে হবে বিজিএমইএ ভবন থেকেই।