জাহাজ ভাঙ্গা শিল্পে বাংলাদেশি বিনিয়োগ চায় সুদান
সুদানের জাহাজ ভাঙ্গা শিল্পে বাংলাদেশ থেকে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন দেশটির নবনিযুক্ত রাষ্ট্রদূত হাসান ই এল তালিব।
রোববার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এই আহ্বান জানান।
পরে এবিষয়ে সাংবাদিকদের জানান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।
মাহবুবুল হক শাকিল বলেন, নবনিযুক্ত রাষ্ট্রদূত সুদানের জাহাজ ভাঙ্গা শিল্পে বাংলাদেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী সুদানে পাট, পাটজাত পণ্য এবং ওষুধ রপ্তানির সুযোগ তৈরি করার জন্য রাষ্ট্রদূতের কাছে আহ্বান জানান।
এসময় সুদানের রাষ্ট্রদূত সেদেশে বাংলাদেশের দূতাবাস খোলারও আহ্বান জানান।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, এবিষয়ে সরকারের সক্রিয় চিন্তা-ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জানান, দশম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে আবার সরকার প্রধানের দায়িত্ব নেয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান সুদানের রাষ্ট্রদূত।
সুদানের বাংলাদেশি শান্তিরক্ষীদের কাজের প্রশংসাও করেন তিনি।
তিনি বলেন, নারীর ক্ষমতায়নে শেখ হাসিনার কাজকে সুদান মডেল হিসাবে গ্রহণ করেছে।
নারী ও শিশু মৃত্যুরোধে প্রধানমন্ত্রীর পদক্ষেপ উন্নয়নশীল দেশগুলোর জন্য পথপ্রদর্শক বলেও মন্তব্য করেন সুদানের রাষ্ট্রদূত।
