২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শিল্পের অভিযোগ নিষ্পত্তিতে কমিটি

তৈরি পোশাক শিল্পের শ্রমিক ও মালিকদের অভিযোগ নিষ্পত্তির জন্য কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2014, 05:09 PM

Updated : 25 Apr 2022, 04:00 PM

মঙ্গলবার সচিবালয়ে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিও মজীনার সঙ্গে বৈঠক শেষে একথা জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বাণিজ্যমন্ত্রী বলেন, “বেতনভাতা না পাওয়া, চারকিচ্যুতসহ বিভিন্ন বিষয়ে শ্রমিকরা দূতাবাস ও মন্ত্রণালয়ে অভিযোগ করেন। মালিকপক্ষেরও অনেক অভিযোগ থাকে। অল্টারনেটিভ ডিসপুট রেজুলেশন কমিটি এসব বিষয় নিষ্পত্তি করবে।

“মার্কিন রাষ্ট্রদূত ও আমরা এই কমিটি গঠনের বিষয়ে একমত হয়েছি।”

এই কমিটি কত সদস্যের বা এতে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধি ছাড়া আর কারা থাকবেন তা আগামী ১১ এপ্রিলের পর বিজিএমইএসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে ঠিক করা হবে বলে জানান মন্ত্রী।

গত বছর সাভারে রানা প্লাজা ধসে ১১শর বেশি মানুষের প্রাণহানি ঘটে, যাদের অধিকাংশই ওই ভবনে থাকা কয়েকটি পোশাক কারখানার শ্রমিক।

এরপর কারখানাগুলোতে কাজের পরিবেশ ও শ্রমিক অধিকারের বিষয়ে সমালোচনা উঠে, যদিও সরকারের পক্ষ থেকে এই বিষয়ে পরিস্থিতির উন্নয়নে নানা পদক্ষেপ নেয়ার কথা বলা হচ্ছে।  

কারখানার কর্ম পরিবেশ নিয়ে আপত্তি তুলে গত বছরের ২৭ জুন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) স্থগিত করা হয়।

অবশ্য পরে ১৬টি শর্ত পূরণসাপেক্ষে জিএসপি সুবিধা ফিরিয়ে দেয়ার কথা জানায় দেশটি।

জিএসপি ফিরে পেতে যেসব শর্ত পূরণ হয়েছে এবং যেগুলো পূরণের পথে রয়েছে তার ব্যাখ্যা দিয়ে আগামী ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন পাঠানো হবে বলে জানান তোফায়েল।

“জিএসপি ফিরে পেতে বিভিন্ন অ্যাকশন প্ল্যান ও ১৬টি শর্ত নিয়ে রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে। এবিষয়ে অনেক অগ্রগতি হয়েছে, রাষ্ট্রদূতও মোটামুটি সন্তুষ্ট।”

শ্রমিক নির্যাতন বন্ধ ও তাদের সংগঠন করতে দেয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “শ্রমিক নির্যাতনের প্রমাণ পেলে আমরা ব্যবস্থা নেব।”

আইন সংশোধন করে ইপিজেডে ট্রেড ইউনিয়ন করতে দেয়ার বিষয়টি বিবেচনা করা হবে বলেও জানান তিনি।