২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে

সপ্তাহের তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে সূচক বেড়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন কমলেও ঢাকায় বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2014, 05:15 PM

Updated : 01 Sep 2026, 12:40 PM

মঙ্গলবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক সূচক ৩৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৯৯ পয়েন্ট হয়েছে।

আগের দিনের চেয়ে ২ কোটি টাকা বেড়ে প্রায় ৩০১ কোটি টাকার শেয়ার হাতবদল হয় এদিন।

এদিকে সিএসইর লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ১২ লাখ টাকা কমে ২৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়।

দিন শেষে সিএসই সূচক ৬৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৭৬৬ পয়েন্ট হয়েছে।

ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১৬০টির দাম বেড়েছে, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির দাম।

ফার ইস্টের আইপিও অনুমোদন

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমোদন পেয়েছে ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ।

মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় এই অনুমোদন দেয়া হয়।

প্রতিষ্ঠানটির পুঁজিবাজারে আড়াই কোটি শেয়ার ছেড়ে ৬৭ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহ করবে। এই অর্থ প্রতিষ্ঠানটি  ব্যাংকের মেয়াদি ঋণ এবং আইপিও খরচ বাবদ ব্যয় করবে।

ফার ইস্ট নিটিংয়ের গত বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী ,এ প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ দশমিক ২৮ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ হয়েছে ১৯ দশমিক ০৮ টাকা।

এ প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।