২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ নিয়ে বিস্ময় প্রকাশ করেছে এস অ্যান্ড পি

বাংলাদেশের অর্থনীতির প্রতিরোধ ও ঘুরে দাঁড়ানোর ক্ষমতায় বিস্ময় প্রকাশ করেছে আন্তর্জাতিক ঋণমান সংস্থা স্ট্যান্ডার্ড এন্ড পুওরস (এসঅ্যান্ডপি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2014, 07:21 PM

Updated : 22 Aug 2022, 05:49 PM

সোমবার অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ কার্যক্রম আরো জোরদার করতে ‘গোএএমএল’ (goAML) সফটওয়্যার চালু উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ কথা জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।

জাতিসংঘের সহায়তায় বাংলাদেশ ব্যাংক এই বিশেষ সফটওয়্যার চালু করে।

বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আতিউর রহমান বলেন, “কিছুক্ষণ আগে এসএন্ডপি’র সঙ্গে সভা করে এলাম। এই প্রতিকুল পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, বিশেষ করে বাংলাদেশের অর্থনীতি যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তারা তাতে খুবই অবাক হয়েছে।”

গভর্নর বলেন, “স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরসের প্রতিনিধিরা বিস্ময় প্রকাশ করে বলেছেন, এগুলো কি করে সম্ভব! মনে হয় না এতো বড় একটি সংকটের মধ্য দিয়ে আমরা গেছি। আবার পুরোনো ধাঁচের, আবার সেই চাঙ্গাভাব নিয়ে ফিরে এসেছে।”

এটা কেমন করে সম্ভব হলো তা বাংলাদেশ ব্যাংকের কাছে জানতে চেয়েছে এস অ্যান্ড পি বলে জানান তিনি।

আতিউর বলেন, “এর জবাবে আমরা বলেছি, আমাদের দেশের মানুষ অত্যন্ত রেজিলিয়ান্স, অত্যন্ত কষ্টসাধ্য কাজ করতে পারেন, এবং বিপদের সময় আরও বেশি তারা সাহস দেখাতে পারেন।

“সেই কারণে আমরা টিকে আছি। আরও বললাম আমরা দেশের স্বার্থে, অর্থনীতির স্বার্থে ঐক্যবদ্ধ থাকি।”

গত চার বছর ধরে  এস অ্যান্ড পি বাংলাদেশের রেটিং করছে। সর্বশেষ রেটিংয়ে সংস্থাটি  বাংলাদেশকে ‘বিবি মাইনাস’ মানে রেখেছে।