২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিন্টুর মুক্তি দাবি এফবিসিসিআইর

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টুকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানিয়েছে ব্যবসায়ীদের এ সংগঠন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2013, 03:56 PM

Updated : 23 Aug 2022, 07:16 PM

বুধবার এফবিসিসিআই পর্ষদের এক জরুরি বৈঠকের পর সংগঠনের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহম্মেদ সাংবাদিকদের বলেন, আবদুল আউয়াল মিন্টু একজন ব্যবসায়ী।… তার গ্রেপ্তারে আমরা উদ্বিগ্ন। অবিলম্বে তাকে মুক্তি দেয়া হোক।”

গত ৯ নভেম্বর মধ্যরাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বাসা থেকে বের হওয়ার সময় গেপ্তার হন তার উপদেষ্টা আবদুল আওয়াল মিন্টু।

খালেদা জিয়ার বিশেষ সহকারী সামসুর রহমান শিমুল বিশ্বাসকেও একইসঙ্গে গ্রেপ্তার করে পুলিশ। 

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মিন্টু ঊনিশশ নব্বইয়ের দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্টজন হিসাবে পরিচিত ছিলেন। বিগত সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় অন্য অনেক রাজনীতিবিদ ও ব্যবসায়ীর মতো মিন্টুও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হন।

নির্বাচনকালীন সরকার নিয়ে ক্ষমতাসীন ও বিরোধীদলকে সমঝোতায় আনতে ব্যবসায়ী নেতারা আলোচনার যে উদ্যোগ নিয়েছেন, তাতেও মিন্টুর সম্পৃক্ততা রয়েছে।

ওই উদ্যোগের অংশ হিসাবে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা সম্প্রতি বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। মিন্টু দুই বৈঠকেই উপস্থিত ছিলেন। 

সংগঠনের সহ সভাপতি হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের কাছে আবদুল আউয়াল মিন্টুর ব্যবসায়ী পরিচয়টিই আগে। তিনি দল মত নির্বিশেষ রাজনৈতিক সমঝোতার জন্য আমাদের উদ্যোগের সঙ্গে আছেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এফবিসিসিআই তার মুক্তি চেয়ে বিবৃতি দেবে।” 

পুরনো খবর:

আবদুল আওয়াল মিন্টু, শিমুল বিশ্বাস গ্রেপ্তার