ব্যাংক ও বস্ত্রখাতে ভর করে সূচকে উন্নতি
ব্যাংক ও বস্ত্র খাতের শেয়ারে ভর করে হরতালের দ্বিতীয় দিনেও বেড়েছে পূঁজিবাজারের সূচক ও লেনদেন।
সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক বেড়েছে ৪২ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে ৭৪ পয়েন্ট।
পুঁজিবাজার বিশ্লেষক ও এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োওয়ার সাইদের মতে, ব্যাংক শেয়ারের বৃদ্ধি সূচকের অগ্রগতিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এদিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ব্যাংকগুলো এ প্রান্তিকে ভাল করেছে। তাই শেয়ারের দামও বাড়ছে।”
সোমবার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর ডিএসইর সূচক বাড়তে থাকে। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স বেড়ে ৩ হাজার ৯৫২ পয়েন্ট হয়। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক সিএসসিএক্স বেড়ে হয়েছে ৭ হাজার ৭৫০ পয়েন্ট।
ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় দশমিক ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৯০ পয়েন্ট হয়েছে।
এদিন প্রায় ৩৬৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে ঢাকার শেয়ার বাজারে, যা রোববারের তুলনায় ১১৯ কোটি টাকা বেশি।
লেনদেনে থাকা ১৩২টি কোম্পানির শেয়ারের দাম বড়ে, ১৩২টির কমে এবং ২৪টির দাম অপরিবর্তিত থাকে।
লেনদেনের তালিকার শীর্ষ থাকা দশ প্রতিষ্ঠান হলো- এনভয়টেক্স, জেনারেশন নেক্সট, ইউসিবিএল, আর্গন ডেনিম, ডেল্টা লাইফ, এনবিএল, অ্যাকটিভ ফাইন্যান্স, আরএন স্পিনিং, বেক্সিমকো ও আইএফআইসি।
শীর্ষ দশের তালিকার উপরের দিকে বস্ত্রখাতের চারটি প্রতিষ্ঠান থাকার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ইয়োওয়ার সাইদ।
“সেগুলোর দাম বাড়ার বিশেষ কোনো কারণ দেখি না।”
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে এদিন ৪১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৮ কোটি টাকা বেশি।
দুই নেত্রীর টেলিফোন আলাপের পর রাজনৈতিক সংকট উত্তরণের আশায় বিরোধী দলের ৬০ ঘণ্টার হরতালের মধ্যেও রোববার চাঙ্গা হয়ে ওঠে দেশের দুই স্টক এক্সচেঞ্জে।
অবশ্য তৃতীয় প্রান্তিকে গ্রামীণ ফোন ও ব্যাংকগুলোর ভাল মুনাফাও বিনিয়োগকারীদের আবার লেনদেনে ফেরাতে ভূমিকা রাখে বলে বাজার বিশ্লেষকদের ধারণা।
এর আগের চার সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক প্রায় ৩০০ পয়েন্ট কমে যায়। দৈনিক গড় লেনদেন ৪০০ কোটি থেকে ২০০ কোটি টাকায় নেমে আসে।
