সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ার লেনদেন স্থগিত
শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের শেয়ার লেনদেন স্থগিত করেছে নিয়ন্ত্রণ সংস্থা।
মঙ্গলবার সকালে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
ডিএসই ও সিএসইর ওয়েবসাইটে বলা হয়, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেডের শেয়ারের দাম অস্বাভাবিক বৃদ্ধি সংশ্লিষ্ট তদন্ত প্রক্রিয়াধীন থাকায় প্রতিষ্ঠানগুলোর শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে।
সম্প্রতি সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারির শেয়ারের দাম অস্বাভাবিক হারে বেড়ে যায়। গত এক মাসে এই প্রতিষ্ঠানের শেয়ারের দাম ৩০২ টাকা বেড়েছে।
গত ২৩ অগাস্ট যেখানে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ৫৭৪ দশমিক ৬০ টাকা ছিল সেখানে সোমবার তা বেড়ে ৮৭৬ দশমিক ৬০ টাকায় দাঁড়িয়েছে।
এদিকে দাম বৃদ্ধির বিষয়টি ডিএসইর নজরে আসলে তা নিয়ে তদন্তে নামে কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে।
