২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিলামের ৭ দিন আগে থ্রি জি নীতিমালা সংশোধন

তরঙ্গ নিলামের সাত দিন আগে ‘থ্রি জি সেলুলার মোবাইল ফোন সার্ভিসেস রেগুলেটরি অ্যান্ড লাইসেসিং গাইডলাইন’ এ পরিবর্তন এনেছে বিটিআরসি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2013, 11:15 PM

Updated : 23 Aug 2022, 06:49 PM

আগামী ৮ সেপ্টেম্বর থ্রিজি তরঙ্গ নিলামের কথা রয়েছে। রোববার বিটিআরসি উপ পরিচালক তারেক হাসান সিদ্দীকি সাক্ষরিত এক নোটিসে এই সংশোধনের কথা জানানো হয়।

থ্রি জি নীতিমালার ১০ নম্বর পৃষ্ঠার ১৮ নম্বর ধারায় পরিবর্তন আনা হয়েছে। এই ধারাটি দুইভাগে ভাগ করে ১৮ দশমিক এক ও দুই নামে সংশোধন আনা হয়।

সংশোধনের পর প্রথম অংশে কোনো পরিবর্তন করা হয়নি অর্থাৎ থ্রিজির জন্য বরাদ্দকৃত তরঙ্গ ব্যবহার করে অপারেটররা ফোরজি/এলটিই সেবা দিতে পারবে।

নতুন করে যুক্ত ১৮ (২) ধারায় উল্লেখ করা হয়েছে, থ্রি জি মোবাইল ফোন অপারেটররা ফোরজি/এলটিই সার্ভিস দিতে পারবে ৮০০ মেগাগার্টজ, ৯০০ মেগাহার্টজ, ১৮০০ মেগাহার্টজ বা অন্য কোনো সুবিধাজনক ব্যান্ডে।

সংশোধনের আগে খেলা ছিল ‘সরকার ফোরজি /এলটিই সেবার অনুমতি দেবে এবং তারা ৮০০ মেগাগার্টজ, ৯০০ মেগাহার্টজ, ১৮০০ মেগাহার্টজ বা অন্য কোনো সুবিধাজনক ব্যান্ডে ব্যবহার করতে পারবে’।

বিটিআরসির এক ঊর্ধতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, থ্রি জির সাথে ফোরজি/এলটিই সেবার বিষয়টি স্পষ্ট করার জন্যই এ সংশোধন, এ সংশোধনের মাধ্যমে থ্রি জি নিলামের জয়ীরা ফোরজি/এলটিই সেবা দিতে পারবে।

গত ১২ ফেব্রুয়ারি প্রতি মেগাহার্টজ তরঙ্গ মূল্য ২ কোটি ডলার নির্ধারণ করে তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তি সেবা (থ্রি জি) লাইসেন্স নীতিমালা চূড়ান্ত করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।

চূড়ান্ত নীতিমালায় বাংলাদেশের বেসরকারি পাঁচ মোবাইল অপারেটরদের মধ্যে তিনটি এবং নতুন এক অপারেটরকে লাইসেন্স দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

ছয় অপারেটরের মধ্যে রাষ্ট্রায়ত্ত টেলিটক পরীক্ষামূলক থ্রি জি সেবা দিচ্ছে। চূড়ান্ত নীতিমালা অনুযায়ী টেলিটক নিলামে অংশ না নিলেও নিলামে যে দর উঠবে, সে পরিমাণ টাকা দিয়েই টেলিটককে লাইসেন্স নিতে হবে।

অপারেটররা ১৫ বছরের জন্য থ্রি জি লাইসেন্স পাবে।

ইতিমধ্যে আগামী ৮ সেপ্টেম্বর অনুষ্ঠেয় নিলামে গ্রামীণফোন, বাংলালিংক, এয়ারটেল ও রবি অংশ গ্রহণ নিশ্চিত করেছে বিটিআরসি।

গত ২৯ অগাস্ট থ্রি জি তরঙ্গ নিলাম অংশ নিশ্চিত করতে বিড আর্নেস্ট মানি জমা দেয় বেসরকারি চার মোবাইল ফোন অপারেটর।