ডিএসই সূচকে ১৪৭ পয়েন্ট যোগ
সপ্তাহের চতুর্থ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ১৪৭ পয়েন্ট বেড়েছে, পাশাপাশি বেড়েছে লেনদেনও।
গত চারদিন পতনের পর বুধবার সকাল ১১টায় লেনদেনের শুরু থেকেই ডিএসই সূচক বাড়তে থাকে। দিন শেষে সার্বিক সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে প্রায় ১৪৭ পয়েন্ট বেড়ে চার হাজার ৭৬ পয়েন্ট হয়।
এ বাজারের বাছাই সূচক ডিএস ৩০ আগের দিনের চেয়ে প্রায় ৭৬ বেড়ে হয়েছে ১ হাজার ৫১১ পয়েন্ট ।
সারাদিনে ডিএসইতে প্রায় ৪৬৪ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়, যা মঙ্গলবারের চেয়ে ২৫ কোটি টাকা বেশি।
এ দিন দাম বেড়েছে ২৫২টি শেয়ারের, কমেছে ২৪টির এবং অপরিবর্তিত ছিল ৭টি কোম্পানির শেয়ারের দাম।
সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার ডিএসই সূচক ১২৫ পয়েন্ট কমে, লেনদেন হয় ৪৩৯ কোটি টাকার শেয়ার। সোমবার সূচক ৩৫ পয়েন্ট ও রোববার ১৩৩ পয়েন্ট কমে।
আর গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক কমে ৩৯ পয়েন্ট। গড়ে ৮৫৫ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। তার আগের সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক কমে ৭ পয়েন্ট।
রোজার মাসে ডিএসইতে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত তিন ঘণ্টা লেনদেন হচ্ছে।
