২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএনজি স্টেশনে ধর্মঘটের ডাক

ম্যাজিস্ট্রেটের ‘হয়রানি’ ও ‘বেআইনি’ জরিমানার অভিযোগে শুক্রবার সকাল থেকে দেশের সব সিএনজি স্টেশনে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে রিফুয়েলিং স্টেশন মালিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2013, 02:53 PM

Updated : 23 Aug 2022, 11:06 AM

সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির হোসেন নয়ন বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার সকাল ৬টা থেকে দেশের কোনো সিএনজি স্টেশনে গ্যাস দেয়া হবে না।”

বর্তমানে দেশে সাড়ে পাঁচশর বেশি সিএনজি ফিলিং স্টেশন রয়েছে বলে মালিক সমিতির নেতারা জানান।

একটি রিফুয়েলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নামে ঘুষ দাবির অভিযোগে সিলেটে বৃহস্পতিবার দুপুর থেকেই সিএনজি ফিলিং স্টেশনে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়। এর সঙ্গে একাত্মতা জানিয়েই রাতে সারা দেশে ধর্মঘটের ঘোষণা আসে।

সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি মন্ত্রণালয়ের একজন ম্যাজিস্ট্রেট গত কিছুদিন ধরে বিভিন্ন সিএনজি স্টেশনে গিয়ে মালিকদের ‘হয়রানি’ এবং ‘বেআইনিভাবে’ লাখ লাখ টাকা জরিমানা করছে।

“এর ধারাবাহিকতায় গত ২২ মে ঢাকার মুগদার শান্ত সিএনজি রি-ফুয়েলিং স্টেশনে সংযোগ বিছিন্ন করে স্টেশনের মিটার নিয়ে যান ম্যাজিস্ট্রেট। তিনি মিটারটি বেআইনীভাবে এক মাসের বেশি সময় নিজের হেফাজতে রাখেন।’

গত ২৬ জুন পেট্টোবাংলা ও গ্যাস বিতরণ কোম্পানিগুলোর সঙ্গে অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির এক যৌথ সভা হয়, যেখানে গ্যাসের ‘ডেনসিটি ফ্যাক্টর’ নির্ধারণে বিএসটিআইয়ের সমন্বয়ে এক যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

“এই কমিটির কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ম্যাজিস্ট্রেট সিএনজি স্টেশনে হয়রানি করবেন না বলে ওইদিন সমিতির নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন পেট্টোবাংলার চেয়ারম্যান।

“কিন্তু ওই ম্যাজিস্ট্রেট বৃহস্পতিবারও সিলেটের বেঙ্গল গ্যাসোলিন সিএনজি স্টেশনে গিয়ে হয়রানি করেন। এর প্রেক্ষিতে সিলেট বিভাগীয় শাখা এক জরুরি সভায় অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটের ডাক দেয়।”

সিলেটের কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় শুক্রবার সকাল থেকে দেশের সব সিএনজি স্টেশনে অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত হয় বলে সংগঠনের সভাপতি জানান।

এদিকে সিলেটে ধর্মঘট শুরুর পর সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হাইকে প্রত্যাহার করার দাবিতে সিলেট-ঢাকা মহাসড়কের চণ্ডিপুল, সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ ও সিলেট-তামাবিল সড়কের পীরের বাজারে সড়ক অবরোধ করে পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনের লোকজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে ঢাকা থেকে আসা পেট্রোবাংলার একটি প্রতিনিধি দল সিলেটের সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে অভিযান শুরু করে।

তারা প্রথমেই নগরীর সোবহানীঘাটে মহানগর বিএনপির সভাপতি এম এ হকের মালিকানাধীন বেঙ্গল গ্যাসোলিন ফিলিং স্টেশনে যান এবং গত পাঁচ বছরে ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও বিক্রির কাগজপত্র দেখতে চান। কিন্তু ফিলিং স্টেশন কর্তৃপক্ষ কাগজপত্র না দেখিয়ে ওনার্স গ্রুপের নেতাদের খবর দেন।

এ সময় ম্যাজিস্ট্রেট জরিমানা করতে চাইলে ওনার্স গ্রুপের নেতারা ম্যাজিস্ট্রেট আবদুল হাইকে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে বলে সিলেট কোতোয়ালী থানার ওসি নাসির উদ্দিন মোহাম্মদ জানান।

এরপর ওনার্স গ্রুপের নেতারা সিলেট বিভাগের সকল রিফুয়েলিং স্টেশনে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকেন।

সিলেট পেট্রোল পাস্প ও সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী বলেন, “ম্যাজিস্ট্রেট আবদুল হাই বেঙ্গল গ্যাসোলিন স্টেশনে গিয়ে পাঁচ বছরের খাতাপত্র দেখতে চান এবং ৫ লাখ টাকা ঘুষ না দিলে ফিলিং স্টেশন বন্ধ করে দেয়ার হুমকি দেন।”

আবদুল হাইকে প্রত্যাহার না করা পর্যন্ত ধর্মঘট চলবে বলে জুবায়ের আহমদ চৌধুরী জানান।

পুরনো খবর:

রমজানে ৬ ঘণ্টা বন্ধ সিএনজি স্টেশন