রমজানে ৬ ঘণ্টা বন্ধ সিএনজি স্টেশন
রমজান মাসজুড়ে প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দেশের সব সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রমজানে বিদ্যুৎ সরবরাহ নিয়ে বৃহস্পতিবার সচিবালয়ে এক বৈঠকের পর প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী একথা জানিয়েছেন।
তিনি আরো বলেন, “সেহরি, ইফতার ও তারাবির নামোজের সময় সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হবে। এছাড়া রামজান মাসে গ্যাস সরবারহও যেন ঠিক থাকে সে বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়েছে।”
বিদ্যুৎ খাতে দেশি-বিদেশি ৫০০ কোটি ডলার বিনিয়োগ হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, “আমরা এখন ছয় হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারছি। বিদ্যুতের চাহিদাও বেড়েছে। আমরা চাই রমজানে সবাই যেন বিদ্যুৎ পায়।”
সেই সঙ্গে বিদ্যুৎ ও গ্যাস অপচয় না করতে জনগণের প্রতি আহ্বান জানান তৌফিক ইলাহী।
রমজানে সারা দেশে রি-রোলিং মিলগুলোতে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার বিষয়ে সভায় সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র রমজান মাসে গড়ে দৈনিক ৮০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস সরবরাহ করা, টঙ্গী বিদ্যুৎ কেন্দ্রটি রমজান মাসে সন্ধ্যা ৬টা থেকে ৮টা পর্যন্ত চালানোর বিষয়ে সভায় সিদ্ধান্ত হয় বলে জানান উপদেষ্টা।
রমজান মাসে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে বাড়তি গ্যাস চাহিদা বিবেচনায় নিয়ে প্রতিদিন গড়ে প্রায় এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের জন্য পেট্রোবাংলা প্রয়োজনীয় উদ্যোগ নেবে বলে সভায় সিদ্ধান্ত হয়েছে।
সভায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক ছাড়াও সংশ্লিষ্ট অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
