যুক্তরাষ্ট্রে জিএসপি সুবিধা ‘হারাচ্ছে’ বাংলাদেশ
যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে বিশেষ সুবিধা বাংলাদেশ হারাতে যাচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।
বাংলাদেশের কারখানায় শ্রম পরিস্থিতি নিয়ে অসন্তোষের কারণে বাংলাদেশের জিএসপি বাতিলের দাবি ওঠে।
এনিয়ে সিনেট কমিটিতে শুনানির পর বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিলের সিদ্ধান্ত হয়েছে বলে যুক্তরাষ্ট্রের এক বাণিজ্য কর্মকর্তাকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে।
নিউ ইয়র্ক টাইমস বলেছে, বৃহস্পতিবার (যুক্তরাষ্ট্র সময়) এই ঘোষণা দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
তবে রয়টার্স বলছে, বৃহস্পতিবারই ঘোষণা আসবে কি না, তা নিশ্চিত নয়।
গত কয়েক মাস ধরে শুনানির পর জুন মাসের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে বলে যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেনটেটিভ অফিস (ইউএসটিআর) জানিয়েছিলো।
রানা প্লাজা ধসে সহস্রাধিক এবং তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত আসতে যাচ্ছে।
তবে এই দুটি ঘটনার আগেই জানানো অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জিএসপি সুবিধা অব্যাহত রাখা নিয়ে শুনানির উদ্যোগ নেয় ইউএসটিআর।
জেনারেলাইজড সিস্টেম অব প্রিফারেন্সেস (জিএসপি) সুবিধার আওতায় বাংলাদেশের কয়েকটি পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্তভাবে প্রবেশ করে।
একক দেশ হিসেবে বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্রে। তবে রপ্তানির প্রধান পণ্য তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে জিএসপি বা শুল্কমুক্ত প্রবেশ সুবিধা পায় না।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাবে, ২০১১-১২ অর্থবছরের বাংলাদেশ মোট রপ্তানি করেছে ২ হাজার ৪০০ কোটি ডলারের বেশি পণ্য। এর মধ্যে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে মোট রপ্তানির ২১ শতাংশ (৫০০ কোটি ডলার)।
২০১১ সালে যুক্তরাষ্ট্রে জিএসপির সুবিধায় বাংলাদেশ ২ কোটি ৬৩ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছিল। এ সুবিধায় রপ্তানি হয়েছিল তামাকজাত পণ্য, খেলাধুলা সামগ্রী, কিচেন সামগ্রী ও প্লাস্টিক পণ্য।
তাদের অভিযোগ, পোশাক ও চিংড়ি খাত এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) শ্রম অধিকার সংরক্ষিত হচ্ছে না এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা যথেষ্ট নয়। এএফএল-সিআইও ইউএসটিআর বরাবর আবেদন করার পর বিষয়টি আমলে নেয় সংস্থাটি।
এরপর ৩১ জানুয়ারির মধ্যে বাংলাদেশকে অভিযোগের বিষয়ে মতামত দেওয়ার জন্য নোটিস দেয়া হয়। বাংলাদেশের মতামত পাওয়ার পর মার্চে শুনানি শুরু হয়।
এ প্রক্রিয়ার মধ্যেই গত এপ্রিলে সাভারের রানা প্লাজা ধস এবং গত নভেম্বরে আশুলিয়ায় তাজরীনে অগ্নিকাণ্ড বাংলাদেশের শ্রমপরিবেশ নিয়ে যুক্তরাষ্ট্রসহ আমদানিকারকদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে দেয়।
২০০৭ সাল থেকে যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পাওয়ার পর এর আগেও দুবার এ সুবিধা বাতিলের আবেদন ওঠে। অবশ্য শুনানি শেষে রায়ে বাংলাদেশের জিএসপি সুবিধা বহাল থাকে।
