জিএসপি: সিদ্ধান্ত এ মাসেই
বাংলাদেশের পণ্য আগামীতেও যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা (জিএসপি) পাবে কি না- সেই সিদ্ধান্ত জানা যাবে চলতি মাসের শেষে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সিনেট কমিটির এক শুনানিতে জিএসপি সুবিধা থেকে বাংলাদেশকে বাদ দেয়ার জোরালো সুপারিশ করেন এই কমিটির চেয়ারম্যান সিনেটর রবার্ট মেনেনদেয। কমিটির ওয়েবসাইটে তার ওই বক্তব্য প্রকাশ করা হয়।
তিনি বলেন, বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা পায় না।
“এই সুবিধা প্রত্যাহার করা হলে বাংলাদেশের রপ্তানি খাতের ক্ষুদ্র একটি অংশই কেবল ক্ষতিগ্রস্ত হতে পারে। কাজেই জিএসপি বাতিল করা হলে বাংলাদেশ একটি জোরালো সংকেত পাবে যে, যুক্তরাষ্ট্র শ্রমিক অধিকারের সুরক্ষা এবং কারখানার নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের বিষয়ে যথেষ্ট গুরুত্ব দেয়।”
এ কারণে বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিলের বিষয়টি যুক্তরাষ্ট্র প্রশাসনের গুরুত্বের সঙ্গে নেয়া উচিৎ বলে মন্তব্য করেন ডেমোক্র্যাট দলের সিনেটর মেনেনদেয।
ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত একরামুল কাদেরও এই শুনানিতে উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেনটেটিভ অফিসের শ্রমিক অধিকার উইংয়ের দায়িত্বে থাকা লুইস কারেশ শুনানিতে জানান, “বাংলাদেশের জিএসপি সুবিধা পর্যালোচনার পর এ মাসের শেষভাগে সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
“বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা, জিএসপি সুবিধা প্রত্যাহার বা এর আওতা কমিয়ে আনা- সবগুলো সম্ভবনাই বিবেচনা করা হচ্ছে”, বলেন তিনি।
বাংলাদেশে শ্রমিক অধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের শ্রমিক ইউনিয়নগুলোর আহ্বানে সাড়া দিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন গত জানুয়ারিতে জিএসপি সুবিধার বিষয়টি পর্যালোচনার উদ্যোগ নেয়। এ সুবিধার আওতায় বাংলাদেশের বেশ কিছু পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক ও কোটামুক্ত সুবিধা পায়।
এ বিষয়ে শুনানির মধ্যেই গত ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে ১ হাজার ১৩০ জনের মৃত্যু হয়, যাদের অধিকাংশই পোশাক শ্রমিক।
ভবন ধসের পর ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছিলেন, এ ঘটনা জিএসপির শুনানিতে প্রভাব ফেলতে পারে।
অবশ্য বৃহস্পতিবারের শুনানিতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক বাংলাদেশের জিএসপি সুবিধা বহাল রাখার পক্ষে কথা বলেন।
তিনি জানান, শ্রমিক অধিকার নিশ্চিতে যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশে গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত ২৭টি ট্রেড ইউনিয়নকে অনুমোদন দেয়া হয়েছে।
“আমরা আশা করছি, বাংলাদেশ সরকার শ্রমিক অধিকার ও কারখানার নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার চেষ্টা ধরে রাখবে। যুক্তরাষ্ট্র প্রশাসন চায় বাংলাদেশ সফল হোক।”
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, খুচরা বিক্রেতা এবং পোশাক প্রস্তুতকারকদের প্রতিনিধিরা এ শুনানিতে উপস্থিত ছিলেন।
