পেট্রোল পাম্প ধর্মঘট প্রত্যাহার
কমিশন বৃদ্ধিসহ নয় দফা দাবির ‘আংশিক’ পূরণ হওয়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে জ্বালানি তেল বিক্রি শুরু করেছেন পেট্রোল পাম্প মালিক ও পরিবেশকরা।
সোমবার বিকালে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতাদের সঙ্গে জ্বালানি মন্ত্রণালয়ের বৈঠকের পর কর্মসূচি প্রত্যাহারের এ ঘোষণা আসে।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী সাংবাদিকদের বলেন, সমঝোতা হয়েছে। ধর্মঘট প্রত্যাহার হয়েছে।
জ্বালানি তেল বিক্রির কমিশন বৃদ্ধিসহ নয় দফা দাবিতে সরকারকে দুই দফা সময় বেঁধে দেয়ার পরও সাড়া না পেয়ে গত রোববার ভোর ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের এই কর্মবিরতি শুরু করেন পাম্প মালিক ও পরিবেশকরা। ফলে সারা দেশে পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রি ও ট্যাংক লরিতে তেল পরিবহন বন্ধ হয়ে যায়।
রোববার বিকালে সরকার আন্দোলনকারীদের বৈঠকে ডাকে।
বিকাল সাড়ে ৩টা থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টার এই বৈঠক শেষে ঐক্য পরিষদের আহ্বায়ক নাজমুল হক বলেন, “নয় দফা দাবির আংশিক দাবি মানা হয়েছে, অন্যান্য দাবির বিষয়ে আগামী ২৮ জানুয়ারির পর জ্বালানি সচিবের নেতৃত্বে একটি কমিটি করা হবে। এই কমিটি দুই মাস পরে এসব বিষয়ে সিদ্ধান্ত দেবে।”
সমঝোতার ভিত্তিতে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়ে তিনি বলেন, যে সব পাম্পে তেল রয়েছে তারা সন্ধ্যা থেকেই বিক্রি শুরু করবে। আর যাদের তেল নেই সরবরাহ পাওয়ার পর তারাও বিক্রি করবে।
জ্বালানি সচিব মেজবাহ উদ্দিন বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে সাংবাদিকেদের বলেন, পাম্প মালিকদের ডিজেল বিক্রির কমিশন ২৫ পয়সা বাড়িয়ে ১টাকা ৭০ পয়সা, পেট্রোলের কমিশন ৫১ পয়সা বাড়িয়ে ৩ টাকা ৫০ পয়সা, অকটেনে ৪৯ পয়সা বাড়িয়ে ৩ টাকা ৩৬ পয়সা এবং কেরোসিনে ২০ পয়সা বৃদ্ধি করে ৯০ পয়সা করা হয়েছে।
জ্বালানি তেল পরিবহনের ক্ষেত্রে কমিশনের হার ৪০ কিলোমিটারের মধ্যে প্রতি কিলোতে ৫ পয়সা বাড়িয়ে ৪৫ পয়সা এবং ৪০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে প্রতি কিলোতে কমিশন ২২ পয়সা বাড়িয়ে ২টাকা ২২ পয়সা করা হয়েছে বলে জ্বালানি সচিব জানান।
পাম্প মালিকরা এতোদিন প্রতি লিটার ডিজেল বিক্রি করে ২ দশমিক ৪৫ শতাংশ, পেট্রোলে ৩ দশমিক ২৭ শতাংশ এবং অকটেনে ৩ দশমিক ৩০ শতাংশ হারে কমিশন পেয়ে আসছিলেন।
সর্বশেষ গত ৩ জানুয়ারি সরকার চার ধরনের জ্বালানি তেলের দাম ৫ থেকে ৭ টাকা বাড়ানোর পর বিতরণ কোম্পানিগুলোর কমিশনও ৩ থেকে ৫ পয়সা বাড়িয়ে দেয়।
কিন্তু এতে সন্তুষ্ট না হয়ে ডিজেল বিক্রির কমিশন ৩ দশমিক ৪০ এবং পেট্রোল ও অকটেনের কমিশন ৪ শতাংশ করাসহ নয় দফা দাবিতে আন্দোলনে যায় পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
তাদের সঙ্গে সমঝোতায় আসার পর প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা সাংবাদিকদের বলেন, কমিশন বৃদ্ধির ফলে জ্বালানির দামে কোনো প্রভাব পড়বে না, এ খরচ বিপিসি বহন করবে।
ঐক্য পরিষদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- ট্যাঙ্ক লরির ভাড়া বৃদ্ধি, চালকদের বিশেষ বিবেচনায় ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়ন, চালকদের প্রয়োজনীয় প্রিমিয়াম পরিশোধ সাপেক্ষে ৫ লাখ টাকার দুর্ঘটনা বীমা চালু, পেট্রোল পাম্প স্থাপনে বিপিসির নীতিমালা সংশোধন, চট্টগ্রাম, ফতুল্লা, দৌলতপুর, চাঁদপুর ও সিলেটে টার্মিনাল নির্মাণ এবং ঢাকা গোদনাইলে পদ্মা ও মেঘনার টার্মিনাল সংস্কার, জ্বালানি তেলের ভেজাল রোধে বাস্তবভিত্তিক ব্যবস্থা গ্রহণ, বিএসটিআইর টলারেন্স মাত্রা যৌক্তিক হারে নির্ধারণ এবং শ্রমিক নেতা মীর মোকসেদ ও আমির হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার।
অন্যদের মধ্যে জ্বালানি, বিদ্যুত ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পেট্রোল পাম্প ও ট্যাঙ্ক লরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।
