২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেট্রোল পাম্প ধর্মঘটে জনদুর্ভোগ আরো বাড়ছে

পেট্রোল পাম্পগুলোতে ধর্মঘটের কারণে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হওয়ায় পাশাপাশি দূরপাল্লার বাস চলাচল করা নিয়েও সংশয় দেখা দিয়েছে।

আশিক হোসেন

ও গোলাম মুজতবা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2013, 04:49 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

জ্বালানি তেলের কমিশন বাড়ানোসহ নয়টি দাবিতে রোববার ভোর থেকে ধর্মঘট শুরু করে পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

সরকার তাদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিলেও সে বৈঠকটি হবে সোমবার বিকালে, তার আগে পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাবে পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিকরা।

পাশপাশি সরকারের কাছ থেকে দাবি পুরণের ঘোষণা না এলে ধর্মঘট চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক।

ভোরে ধর্মঘট শুরুর পর থেকে জ্বালানি তেলের জন্য অনেককেই বিভিন্ন স্থানে ছুটতে দেখা যায়। রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা যায় হাজারো গ্রাহককে, যারা তেল না পেয়ে ফিরে গেছেন।

খিলগাঁওয়ের ব্যবসায়ী মাসুদুর রহমান তেল না পেয়ে ফিরে যাওয়ার সময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাল (শনিবার) রাতে ভুলে মোটর সাইকেলে তেল নিতে পারিনি। এখন সকাল খেকেই বিভিন্ন জায়গায় তেলের খোঁজে ঘুরে বেড়াচ্ছি।”

মহাখালী এলাকার রয়াল পেট্রোল পাম্পের অপারেটর বিল্লাল হোসেন জানান, তার পাম্পে হাজার খানেক মোটর সাইকেল তেল নিতে এসে ফিরে গেছে।

অ্যাম্বুলেন্সহ জরুরি কাজে ব্যবহৃত গাড়িগুলোর বিষয়ে কোনো ধরনের ছাড়ের কথাও বলেননি ধর্মঘটীরা।

রাজারবাগ সার্ভিস স্টেশন পেট্রোল পাম্প খোলা থাকলেও হিসাব রক্ষক মঞ্জুর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ ছাড়া কেউ তেল পাবে না।”

অ্যাম্বুলেন্স, অগ্নি নির্বাপন বাহিনীর গাড়ি ও গণমাধ্যমের গাড়িকেও তেল দেয়া হবে না বলে জানিয়ে দেন তিনি।

তবে তেঁজগাও এলাকার ক্লিন ফুয়েল ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ সরোয়ার আলম এক্ষেত্রে নমনীয় আচরণ দেখান।

“কর্মবিরতি সবাই পালন করছি, এটা সত্য। তবে কোনো অ্যাম্বুলেন্স এলে তো ফিরিয়ে দিতে পারব না।”

সরোয়ার বলেন, পুলিশ ও গণমাধ্যম কর্মীরা প্রতিষ্ঠানের পরিচয় দিয়ে তার পাম্প থেকে তেল নিতে পারবে।

দূরপাল্লার অধিকাংশ বাস ডিজেলচালিত হওয়ায় তাদের চলাচল নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

শনিবার রাতে সব বাস তেল নিয়ে রাখায় রোববার চলাচলে কোনো সমস্যা হয়নি। তবে রোববার দিনভর পাম্প বন্ধ থাকায় সোমবার বাস চালানো নিয়ে শঙ্কা বাস মালিকদের। 

মহাখালী সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধর্মঘটের পূর্বঘোষণার কারণে শনিবার রাতে অনেকে তেল নিয়ে রেখেছিল। কিন্তু রোববারের পরে কী হবে, তা নিয়ে এখন আমরা অনিশ্চয়তার মধ্যে রয়েছি।”

রোববার রাত ১০টার পর অন্তত ৪০ শতাংশ বাস ডিজেলের অভাবে চলতে পারবে না বলে ধারণা আবুল কালামের।

“মহাখালী টার্মিনালের ৯৫ ভাগ বাসই ডিজেলে চলে, তাই পাম্প বন্ধ থাকায় সোমবার বাস ছাড়া সম্ভব হবে না। আর এতে যাত্রীরাও চরম ভোগান্তিতে পড়বে।”

গ্রীণ লাইন্স পরিবহনের বিপণন বিভাগের কর্মকর্তা মো. ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ (রোববার) রাতে আমরা গাড়ি ছাড়ব। তবে কাল কী হবে, তা এখনো বলতে পারছি না।”

দূরপাল্লার বাস চলাচলে সমস্যা তৈরি হলেও নগরীতে এর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ঢাকা নগরীর বাস মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানিজের সভাপতি রফিকুল হোসেন কাজল।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নগরীতে চলাচলকারী বাসগুলো সিএনজিতে চলে। তাই নগরীতে এর তেমন একটা প্রভাব পড়বে না।”

ধর্মঘটের কারণে পণ্য পরিবহণ বাধাগ্রস্ত হওয়ায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ।

তারা বলছে, ধর্মঘটের কারণে কারখানাগুলো ঢাকা ও চট্রগ্রাম সড়কপথে মালামাল আনা-নেয়া, লোডিং-আনলোডিংয়ের মতো জরুরি কাজ করতে পারছে না।

এর প্রভাব রপ্তানি পণ্য তৈরি পোশাকে পড়ায় তা দেশের অর্থনীতির ক্ষতি করছে জানিয়ে এই সঙ্কটের সুরাহা চেয়েছে বিজিএমইএ।

‘বেশি দামে বিক্রি’

ধর্মঘট চললেও কয়েকটি গ্যারেজে তেল বিক্রি চলতে দেখা যায়, তবে তার জন্য দাম নেয়া হয় বেশি।

খিলগাঁও ওভার ব্রিজের নিচে কয়েকটা গাড়ির গ্যারেজ থেকে সকালে উচ্চ মূল্যে তেল বিক্রি করা হয়।

বাংলা মটর মোড়ে, তেজগাঁও সাত রাস্তার মোড়ে, কমলাপুর এলাকা সংলগ্ন গাড়ির গ্যারেজেও প্রতি লিটার অকটেন ১২০ হতে ১৩০ টাকা, ডিজেল প্রতি লিটার সর্ব্বোচ্চ ১০০ টাকা দরে বিক্রি হতে দেখা যায়।

তেজগাঁও এলাকার মদিনা মটরসের কর্মচারী বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সবার প্রয়োজন, তাই তেল বিক্রি করছি।”

দাম বেশি নেয়ার বিষয়ে তিনি বলেন, “গোপনে বিক্রি করছি। আর আমাদের লাভ অল্পই।”

গোপনে উচ্চ মূল্যে তেল বিক্রির বিষয়টি জানানো হলে ঐক্য পরিষদের সভাপতি নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চুরি করে কেউ তেল বিক্রি করলে সে দায়িত্ব নিতে পারব না।”

তিনি বলেন, “অত্যন্ত সফলভাবে রোববার আমরা কর্মবিরতি পালন করেছি। সোমবার বিকাল ৩টায় সরকারের আহ্বানে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে বৈঠক করব। যতক্ষণ দাবি আদায় না হবে, কর্মবিরতি চলবে।”

নাজমুল জানান, তাদের পরিষদের মাধ্যমে প্রতিদিন ১০ থেকে ১২ হাজার টন জ্বালানি তেলের বিপণন হয়।

ঐক্য পরিষদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- ট্যাঙ্ক লরির ভাড়া বৃদ্ধি, চালকদের বিশেষ বিবেচনায় ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়ন, চালকদের প্রয়োজনীয় প্রিমিয়াম পরিশোধ সাপেক্ষে ৫ লাখ টাকার দুর্ঘটনা বীমা চালু, পেট্রোল পাম্প স্থাপনে বিপিসির নীতিমালা সংশোধন, চট্টগ্রাম, ফতুল্লা, দৌলতপুর, চাঁদপুর ও সিলেটে টার্মিনাল নির্মাণ এবং ঢাকা গোদনাইলে পদ্মা ও মেঘনার টার্মিনাল সংস্কার, জ্বালানি তেলের ভেজাল রোধে বাস্তবভিত্তিক ব্যবস্থা গ্রহণ, বিএসটিআইর টলারেন্স মাত্রা যৌক্তিক হারে নির্ধারণ এবং শ্রমিক নেতা মীর মোকসেদ ও আমির হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার।

পুরনো খবর:

ধর্মঘটী পেট্রোল পাম্প মালিকদের ডেকেছে সরকার
ধর্মঘটে পাম্প মালিকরা