ধর্মঘটী পেট্রোল পাম্প মালিকদের ডেকেছে সরকার
ধর্মঘটী পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছে সরকার।
ধর্মঘট শুরুর ১২ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর রোববার সন্ধ্যায় পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “জ্বালানি মন্ত্রণালয় থেকে আমাদেরকে আলোচনার জন্য ডাকা হয়েছে। আগামীকাল বিকাল ৩টায় মন্ত্রণালয়ে বৈঠক। আমরা সরকারের ডাকে সাড়া দিয়ে বৈঠকে অংশ নেব, সরকারের মতামত শুনব।”
“তবে আমাদের দাবি অনুযায়ী সরকারের ঘোষণা না আসা পর্যন্ত কর্মবিরতি চলবে,” বলেন তিনি।
বিকাল সাড়ে ৪টার দিকে মন্ত্রণালয় থেকে পরিষদের আহ্বায়ক বরাবর একটি চিঠি পাঠিয়ে সোমবারের বৈঠকে অংশ নিতে বলা হয়।
গত ১৩ জানুয়ারি সংবাদ সম্মেলন করে তেল বিক্রির কমিশন বাড়ানোসহ দাবিগুলো তুলে ধরে পরিষদ। দাবি পূরণে সরকারকে সাত দিন সময়ও বেঁধে দেয় তারা।
সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া না পেয়ে ১৮ জানুয়ারি পুনরায় সংবাদ সম্মেলন করে কর্মবিরতির ঘোষণা দেয় পরিষদ।
