২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার থেকে পাম্প ধর্মঘট

জ্বালানি তেলের কমিশন বাড়ানোর দাবিতে সরকারের ‘সাড়া না পেয়ে’ রোববার থেকে সারা দেশে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছেন পেট্রোল পাম্প মালিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2013, 10:49 AM

Updated : 23 Aug 2022, 10:03 AM

বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক নাজমুল হক শুক্রবার বিকালে সংগঠনের কাকরাইল কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন।

তিনি বলেন, সরকার এর আগে কয়েক দফা প্রতিশ্রুতি দিলেও তা পূরণ না করায় গত ১৩ জানুয়ারি তারা সাত দিন সময়ে বেঁধে দিয়েছিলেন। এর মধ্যে পাঁচ দিন পেরিয়ে গেলেও সরকারের কোনো সাড়া মেলেনি।   

“এ অবস্থায় আমরা রোববার ভোর ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাচ্ছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের ধর্মঘট চলবে।”

“তবে আগামীকালও একদিন সময় আছে। এর মধ্যে সরকার যদি আমাদের বিষয়টি বিবেচনা করে পদক্ষেপ নেয় তাহলে আমরা কর্মসূচি প্রত্যাহার করে নেব,” বলেন নাজমুল হক।  

তিনি বলেন, “আমাদের আন্তরিক ইচ্ছা ও প্রচেষ্টা সত্ত্বেও সরকারের জ্বালানি মন্ত্রণালয় ২০ জানুয়াররির আগে দাবি দাওয়া ও তাদের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা বা বৈঠকের কোনো উদ্যোগ নেয়নি। আমরা বিপিসির কর্মকর্তাদের সঙ্গে  দখো করে আমাদের দুরবস্থার কথা জানিয়ে ২০ জানুয়ারির আগেই সমস্যা সমাধানের দাবি জানিয়েছি। কিন্তু আমাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতিতে বিভিন্ন বিভাগ, জেলা, ডিপো ইউনিট ও ঐক্য পরিষদের সব শাখা কর্মসূচি বাস্তবায়নের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছে।”

ধর্মঘট হলে সারা দেশে প্রায় ৯ হাজার পেট্রোল পাম্প ও ট্যাংক লরীর মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ বন্ধ থাকবে বরে পরিষদের নেতারা জানান।

পাম্প মালিকদের মূল দাবি হলো- ডিজেলে কমিশন বাড়িয়ে ৩ দশমিক ৪ শতাংশ এবং পেট্রোল ও অকটেনে ৪ শতাংশ করতে হবে। বর্তমানে প্রতি লিটার ডিজেল বিক্রি করে পাম্প মালিকরা ২ দশমিক ৪৫ শতাংশ, পেট্রোলে ৩ দশমিক ২৭ শতাংশ এবং অকটেনে ৩ দশমিক ৩০ শতাংশ হারে কমিশন পান।

সরকার গত ৩ জানুয়ারি চার ধরনের জ্বালানি তেলের দাম ৫ থেকে ৭ টাকা পর্যন্ত বাড়ায়। ওই রাতেই বিতরণ কোম্পানিগুলোর কমিশন ৩ থেকে ৫ পয়সা পর্যন্ত বাড়ানো হয়।

নাজমুল হকের দাবি, কমিশন বাড়ানোর পরও তেলের দাম বৃদ্ধির কারণে প্রতি লরি (৯ হাজার লিটার) ডিজেলে তাদের বাড়তি ৬৩ হাজার টাকা খরচ হচ্ছে। একই কথা পেট্রোল ও অকটেনের ক্ষেত্রেও।

অবশ্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বলছে, গত ২২ বছরে তেল কোম্পানিগুলোর তুলনায় পরিবেশকদের কমিশন প্রায় ১০ গুণ বাড়ানো হয়েছে। ১৯৯০ সালে সরকারি তিনটি তেল বিপণন কোম্পানি ও পরিবেশকদের কমিশন ছিল প্রায় সমান।

ঐক্য পরিষদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে- ট্যাঙ্কলরির ভাড়া বৃদ্ধি, চালকদের বিশেষ বিবেচনায় ড্রাইভিং লাইসেন্স ইস্যু ও নবায়ন, চালকদের প্রয়োজনীয় প্রিমিয়াম পরিশোধ সাপেক্ষে ৫ লাখ টাকার দুর্ঘটনা বীমা চালু, পেট্রোল পাম্প স্থাপনে বিপিসির নীতিমালা সংশোধন, চট্টগ্রাম, ফতুল্লা, দৌলতপুর, চাঁদপুর ও সিলেটে টার্মিনাল নির্মাণ এবং ঢাকা গোদনাইলে পদ্মা ও মেঘনার টার্মিনাল সংস্কার, জ্বালানি তেলের ভেজাল রোধে বাস্তবভিত্তিক ব্যবস্থা গ্রহণ, বিএসটিআইর টলারেন্স মাত্রা যৌক্তিক হারে নির্ধারণ এবং শ্রমিক নেতা মীর মোকসেদ ও আমির হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার।  

পরিষদের যুগ্ম আহ্বায়ক হাজী শাজাহান, মিজানুর রহমান রতন, সদস্য সচিব আকতার হোসেন, পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব হারুণ উর রশিদ, ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মতিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এর আগে গত বছর এপ্রিলেও কমিশন বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকে পেট্রোল পাম্প ও ট্যাংক লরী মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। তবে সরকারের আশ্বাস পেয়ে পরে তা প্রত্যাহার করা হয়।

পুরনো খবর:

সাত দিনে দাবি না মানলে তেলের পাম্পে ধর্মঘট
কমিশন বৃদ্ধির দাবিতে আন্দোলনে যাচ্ছে পরিবেশকরা
বাড়ল তেল বিতরণ কোম্পানির কমিশনও