২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়ল তেল বিতরণ কোম্পানির কমিশনও

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পাশাপাশি তেল বিতরণকারী সরকারি প্রতিষ্ঠানগুলোর কমিশনও বাড়িয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2013, 12:44 PM

Updated : 23 Aug 2022, 10:00 AM

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পাশাপাশি তেল বিতরণকারী সরকারি প্রতিষ্ঠানগুলোর কমিশনও বাড়িয়েছে সরকার।

বৃহস্পতিবার তেলের মূল্যবৃদ্ধির রাতেই কোম্পানিগুলোর কমিশন ১১ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

রাষ্ট্রায়ত্ত তিনটি তেল বিতরণকারী প্রতিষ্ঠান পদ্মা অয়েল, যমুনা অয়েল ও মেঘনা পেট্রোলিয়াম দীর্ঘদিন ধরেই তাদের কমিশন বাড়ানোর জন্য দেনদরবার করে আসছিল।

জ্বালানি সচিবের একান্ত সচিব নাজমুল আহসান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডিজেল ও কোরোসিনের কমিশন প্রতি লিটারে ২০ পয়সা থেকে বাড়িয়ে ২৫ পয়সা এবং পেট্রোল ও অকটেনের কমিশন ২৭ পয়সা থেকে বাড়িয়ে ৩০ পয়সা করা হয়েছে।”

তবে পরিবেশকদের কোনো কমিশন বাড়ানো হয়নি বলে জানান তিনি।

১৯৯০ সালে তেল কোম্পানিগুলোর এবং পরিবেশকদের কমিশন ছিল প্রায় সমান। তবে গত ২৩ বছরে ধাপে ধাপে পরিবেশকদের কমিশন বাড়লেও কোম্পানিগুলোর কমিশন সে হারে বাড়েনি।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি)থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১৯৯০ সালে কোম্পানি ও পরিবেশকরা প্রতি লিটার কেরোসিন, ডিজেল, অকটেন ও পেট্রোলে প্রায় একই হারে ১৪ পয়সা থেকে ২৪ পয়সা পর্যন্ত কমিশন পেত।

এরপর থেকে পরিবেশকদের কমিশন বাড়তে বাড়তে ২০১২ সালে এসে প্রতি লিটারে কমিশন দাঁড়ায় ৭০ পয়সা থেকে দুই টাকা ৯৯ পয়সা পর্যন্ত। কিন্তু তেল কোম্পানিগুলোর কমিশন থেকে যায় ১৮ পয়সা থেকে ২৭ পয়সা পর্যন্ত।

২০০৫ সালে তেল কোম্পানিগুলোর কমিশন প্রতি লিটার পেট্রোল, অকটেন, ডিজেল ও কোরোসিনে ৩ থেকে ৪ পয়সা পর্যন্ত বাড়ানো হয়। এরপর ২০১২ সালের জানুয়ারিতে ডিজেল ও কোরোসিনে বাড়ানো হয় ২ পয়সা করে।

অবশ্য কোম্পানিগুলো লিটারের পরিবর্তে তেলের মোট মূল্যের ওপর কমিশন বাড়ানোর প্রস্তাব করে আসছিল।

গত ডিসেম্বরে যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বিপিসির চেয়ারম্যানকে লেখা এক চিঠিতে কমিশনের হার মোট মূল্যের দুই শতাংশ নির্ধারণ করার প্রস্তাব দেন।

চিঠিতে তিনি দেখান, বর্তমানে তেল কোম্পানিগুলো মোট মূল্যের ওপর দশমিক ২৯ শতাংশ থেকে দশমিক ৪১ শতাংশ পর্যন্ত কমিশন পাচ্ছে। আর পরিবশেকরা মোট মূল্যের ওপর কমিশন পাচ্ছে এক দশমিক ১৬ শতাংশ থেকে তিন দশমিক ৩০ শতাংশ পর্যন্ত।

তিনি কোম্পানির সক্ষমতা বাড়াতে কমিশন দুই শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করেন ওই চিঠিতে।

কমিশন বাড়ানোর বিষয়ে জানতে চাইলে যমুনা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কমিশন বাড়ানোর কথা শুনেছি। তবে এখনো গেজেট পাইনি।

“শুনছি লিটারের ওপর কমিশন বাড়ানো হয়েছে। মোট মূল্যের ওপর বাড়ালে তেলের মূল্য ওঠানামার সঙ্গে এটা অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যেত।”

এর আগে বিপিসি চেয়ারম্যানকে লেখা চিঠিতে উল্লেখ করা হয়, ২০১১-২০১২ সালে পাওয়া কমিশন দিয়ে ব্যয় নির্বাহ করতে গিয়ে কোম্পানির ১৩ কোটি টাকা লোকসান হয়েছে।

তবে সিলিন্ডারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) বিক্রি এবং ব্যাংকের সুদের হার দিয়ে কোম্পানি লাভ করছে বলে জানান মিজানুর।