কমিশন বৃদ্ধির দাবিতে আন্দোলনে যাচ্ছে পরিবেশকরা
জ্বালানি তেলের কমিশন বাড়ানোর দাবিতে আন্দোলনে যাচ্ছে পেট্রোল পাম্প মালিকরা।
তবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বলছে, দাবি দাওয়ার বিষয়ে তাদেরকে অবহিত না করে আন্দোলনে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই।
বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকেমকে বলেন, “আমরা কমিশন বাড়ানোর জন্য দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে এলেও তা পূরণ করা হচ্ছে না। তাই আগামীকাল (রোববার) আমরা কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হচ্ছি।”
বিভিন্ন দাবিতে পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ধর্মঘটের কারণে বিক্রি বন্ধ থাকায় রাজধানীর গাবতলীর একটি পেট্রোল পাম্পে অলস বসে থাকা কর্মচারীরা। রোববার সকাল থেকে তারা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করলেও দুপুরে স্থগিত করে। ছবি: মুস্তাফিজ মামুন/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ঢাকা, মে ০৯, ২০১০
১৯৯০ সালে সরকারি তিনটি তেল বিপণন কোম্পানি ও পরিবেশকদের কমিশন ছিল প্রায় সমান।
শনিবার ঐক্য পরিষদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিশ্রুতি অনুযায়ী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি হলেই স্বাভাবিকভাবে কমিশন বাড়ানো হবে। কিন্তু সরকার সে প্রতিশ্রুতি রক্ষা করেনি। তাই পেট্রোল পাম্প মালিক ও ট্যাংকলরি শ্রমিকদের আন্দোলন কর্মসূচি ঘোষণা এবং ধর্মঘট পালন ছাড়া বিকল্প নেই।
অবশ্য এ বিষয়ে পেট্রোল পাম্প মালিকদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছে বিপিসি।
বিপিসির চেয়ারম্যান ইউনুসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যদিও তেলের মূল্য বাড়ার সঙ্গে ডিলারদের কমিশন বাড়ানোর সরাসরি কোনো সম্পর্ক নেই। তারপরও তাদের দাবি-দাওয়া থাকলে তা আমাদের জানাতে পারে। আমরা বিবেচনা করবো।”
“কিন্তু দাবি দাওয়ার বিষয়ে আমাদেরকে না জানিয়েই আন্দোলনে যাওয়ার যৌক্তিকতা দেখছি না।”
দেশে পেট্রোল পাম্পের সংখ্যা প্রায় চার হাজার, যারা রাষ্ট্রায়ত্ত তিনটি তেল বিপণন কোম্পানির কাছ থেকে তেল কিনে তা পরিবেশন করে।
বিপিসি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ১৯৯০ সালে প্রতি লিটার কেরোসিন, ডিজেল, অকটেন ও পেট্রোলে ডিলার এবং তেল কোম্পানিগুলো কমিশন পেত ১৪ পয়সা থেকে ২৪ পয়সা।
গত ২২ বছরে তেল কোম্পানিগুলোর কমিশন বেড়ে মাত্র ১৮ পয়সা থেকে ৩০ পয়সা হয়। অন্যদিকে পরিবেশকদের কমিশন বেড়ে প্রতি লিটারে ৭০ পয়সা থেকে ২ টাকা ৯৯ পয়সা পর্যন্ত দাঁড়ায়।
অর্থাৎ ২০১৩ সালে পরিবেশকরা বিভিন্ন ধরনের তেলে মোট মূল্যের ওপর কমিশন পাচ্ছে ১ দশমিক ১৬ শতাংশ থেকে ৩ দশমিক ৩০ শতাংশ পর্যন্ত। এই কমিশন এখন দ্বিগুণ করার দাবি তুলেছে পেট্রোল পাম্প মালিকরা।
নাজমুল হক বলেন, “বর্তমান কমিশনে আমাদের ব্যবসা চালাতে পারছি না। তাই আমাদের দাবি- মোট মূল্যের ওপর কমিশন ৬ শতাংশ করা হোক। তবে এ বিষয়ে সরকার বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।”
গত ৩ জানুয়ারি রাতে চার ধরনের জ্বালানি তেলের দাম ৫ থেকে ৭ টাকা পর্যন্ত বাড়ানো হয়। ওই দিন রাতেই বিতরণ কোম্পানিগুলোর কমিশন ৩ থেকে ৫ পয়সা পর্যন্ত বাড়ানো হয়।
