চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিফটের নামে আমদানি করা বিলাসবহুল তিনটি গাড়ি ধরা পড়েছে চট্টগ্রাম সমুদ্রবন্দরে।
মঙ্গলবার ৫ নম্বর ইয়ার্ডে একটি কন্টেইনার খুলে গাড়ি তিনটি দেখতে পায় শুল্ক কর্তৃপক্ষ।
পোরশে, মার্সিডিজ ও লেক্সাস ব্র্যান্ডের ওই গাড়ি তিনটির বাংলাদেশে বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা বলে শুল্ক কর্মকর্তারা জানিয়েছেন।
চট্টগ্রাম শুল্ক ভবনের নিরীক্ষা ও তদন্ত বিভাগের কর্মকর্তা ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্দেহজনক কিছু থাকার গোপন সংবাদের ভিত্তিতে ১৪ সেপ্টেম্বর কন্টেইনারটি আটক করা হয়েছিল।
দুপুরে কন্টেইনার খুলে দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা ওই তিনটি বিলাসবহুল গাড়ি পাওয়া যায় বলে জানান তিনি।
ঢাকা ইপিজেডের ইটাকল বাংলাদেশ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের নামে প্যাসেঞ্জার লিফটের ঘোষণা দিয়ে এই তিনটি গাড়ি অবৈধভাবে আনা হয় বলে শুল্ক কর্মকর্তা ফারুক বলেন।
চট্টগ্রামের মায়মুন ট্রেডিং কর্পোরেশন ইটাকল বাংলাদেশের স্থানীয় সিঅ্যান্ডএফ এজেন্ট।
মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিতে জড়িতদের বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হবে বলে শুল্ক কর্মকর্তা ফারুক জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএএইচ/২০১৩ ঘ.
bdnews24