ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোনালী ব্যাংক থেকে হলমার্কসহ কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের ঘটনায় দেশের ব্যাংক খাতের ভাবমূর্তিতে ‘কালো ছায়া’ পড়েছে বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
অর্থ কেলেঙ্কারির জন্য ব্যাংকগুলোর ‘করপোরেট সুশাসন ও ঋণ ব্যবস্থাপনার দুর্বলতা’ এবং ‘অবহেলাকে’ দায়ী করেছেন তিনি।
সারা দেশে তোলপাড় সৃষ্টি করা এ ঘটনা নিয়ে গভর্নর এই প্রথম কথা বললেন।
বৃহস্পতিবার বিভিন্ন ব্যাংকের নির্বাহীদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের এক বৈঠকে লিখিত বক্তব্যে আতিউর রহমান বলেন, “কয়েকটি ব্যাংকে কর্পোরেট সুশাসন ও ঋণ ব্যবস্থাপনার দুর্বলতার সুযোগে ঋণ মঞ্জুরির বিধি ব্যবস্থার গুরুতর অবহেলা ও লঙ্ঘন দ্বারা বিপুল অংকের অর্থ আত্মসাত নিয়ে সমপ্রতি বাংলাদেশ ব্যংকের পরিদর্শনে উদ্ঘাটিত ঘটনা ব্যাংকিং খাতের সামগ্রিক সন্তোষজনক চিত্রটির ওপর কিছুটা হলেও কালো ছায়া ফেলেছে।”
রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে কয়েকটি ব্যবসায়ী গ্রুপ তিন হাজার ৬০০ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে স¤প্রতি বাংলাদেশ বাংকের এক পরিদর্শন প্রতিবেদনে বেরিয়ে আসে। এর মধ্যে হলমার্ক গ্রুপ একাই ২ হাজার ৬০০ কোটি টাকা তুলে নেয়।
গভর্নর স্বীকার করেন, এই অর্থ আত্মসাতের ঘটনাটি কেন্দ্রীয় ব্যাংকের নজরে আসতে দেরি হয়েছে।
“প্রতিবছর বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন সূচিতে আসে না এমন তুলনামূলকভাবে ক্ষুদ্রতর ব্যাংক শাখায় একটি গ্রাহক পক্ষের নামে প্রতারণামূলক ঋণ যোগানের স্থীতির বিপুল আকার নেয়ার ঘটনাটি বাংলাদেশ ব্যাংকের নজরে আসতে কিছুটা সময় লেগেছে।”
“তবে শাখাটির স্বীকৃতি দেয়া বিল পরিশোধে অনীহার অভিযোগ তদন্তের সূত্রে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন বিভাগগুলোই অবৈধ ঋণ যোগানের ঘটনাটি উদ্ঘাটন করেছে,” যোগ করেন আতিউর রহমান।
গভর্নর আশ্বাস্ত করেন, আত্মসাৎ হওয়া টাকার অঙ্কটি বড় হলেও সোনালী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম বিপন্ন হওয়ার ‘আশঙ্কা বা আতঙ্কিত হওয়ার মতো কিছু’ নেই।
ব্যাংকগুলো ‘প্রতারণা ও জালিয়াতির’ ঘটনা প্রতিরোধে সতর্কত অবলম্বন না করলে কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা নেবে বলে তিনি সতর্ক করে দেন।
“ব্যাংক ও আর্থিক খাতে প্রতারণামূলক ঘটনা অতীব অনভিপ্রেত হলেও পুরোপুরি প্রতিরোধযোগ্য নয়। এ প্রেক্ষিতে প্রতারণা ও জালিয়াতিমূলক ঘটনার জন্য ব্যাংকগুলোর দায়দায়িত্ব চিহ্নিত করার মাপকাঠি হবে এসব ঘটনা ব্যাংকের নিজস¦ অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও নিরীক্ষা ব্যবস্থার দ্বারা সনাক্ত করার বিষয়ে সক্রিয়তা ও সতর্কতা।”
“এই সতর্কতা ও সচেতনতা ব্যাংকগুলোর বোর্ড ও ঊর্ধ্বতন ব্যবস্থাপনার মধ্যে লক্ষ্য করা না গেলে বাংলাদেশ ব্যাংক স¦ভাবতই কঠোরতর মনোভাব নেবে।”
তিনি প্রত্যেক ব্যাংকে শৃঙ্খলা, অভ্যন্তরীণ নিরীক্ষা ও নিয়ন্ত্রণ কাঠামোগুলোকে কার্যকর ও জোরদার করার জন্য ব্যাংক নির্বাহীদের প্রতি আহ্বান জানান।
“কোনো গুরুতর অনিয়ম চিহ্নিত হলে অবিলম্বে যথাযথ শৃঙ্খলামূলক ও ফৌজদারি ব্যবস্থা নিয়ে বাংলাদেশ ব্যাংকে জানানোর জন্য আপনাদের তাগিদ দিচ্ছি”, বলেন আতিউর।
বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী সাংবাদিকদের বলেন, সোনালী ব্যাংকের অর্থ আত্মসাতের ঘটনায় আতঙ্কিত হওয়ার কারণ নেই।
“ব্যাংকিং খাতের সব সূচক ভাল। তাই কোনো গুজব কানে দেওয়ার প্রয়োজন নেই।”
সুর চৌধুরী বলেন, গত জুন পর্যন্ত ব্যাংকগুলোর ৬ হাজার ৭৪৬টি ‘অভ্যন্তরীণ বিল’ (আইবিপি) পরিশোধ বাকি রয়েছে। এগুলো ১৫ দিনের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে।
হলমার্কের আইবিপি নিয়ে সোনালী ব্যাংকের কাছে অন্য ব্যাংকগুলোর যে পাওনা রয়েছে তা পরিশোধ করতে সোনালীর ব্যবস্থাপনা পরিচালক সময় চেয়েছেন বলে সুর চৌধুরী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/১৯০৭ ঘ.
bdnews24