২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনূস মনোনীত এমডি চায় পরিচালনা পর্ষদ

মুহাম্মদ ইউনূসের পছন্দে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 11:43 AM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুহাম্মদ ইউনূসের পছন্দে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। বুধবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান। গত ২৩ অগাস্ট ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিধি পরিবর্তন করে সংশোধিত গ্রামীণ ব্যাংক আইন অধ্যাদেশ আকারে জারি করে সরকার। এর আগে ২ অগাস্ট মন্ত্রিসভা গ্রামীণ ব্যাংক আইন সংশোধনের সিদ্ধান্ত অনুমোদন করে। অধ্যাদেশ সংশোধনের প্রতিবাদে ওই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। মন্ত্রিসভার সিদ্ধান্তের পর থেকেই গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাকালীন ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূস অভিযোগ করে আসছেন, সরকার মনোনীত চেয়ারম্যানের মাধ্যমে এমডি নিয়োগের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের নিয়ন্ত্রণ ‘কেড়ে’ নেওয়া হচ্ছে। তবে সরকারের দাবি, এমডি নিয়োগে স্বচ্ছ্বতা আনতেই আইন সংশোধনের এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পরিচালনা পর্যদের সদস্য মোছা. তাহসিনা বলেন, “আমরা চাই সিলেকশন বোর্ডে মুহাম্মদ ইউনূস থাকুক। তিনি আমাদের সঙ্গে থেকে এমডি নিয়োগ করে দিয়ে যাক।” মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক। গ্রামীণ ব্যাংকের নয়জন ঋণগ্রহীতা সদস্য চারটি স্তরের নির্বাচনের মাধ্যমে পরিচালনা পর্ষদে আসে বলে দাবি করেন তাহসিনা। তিনি বলেন, “আমরা আইন অনুযায়ী বোর্ড মিটিংয়ে সিলেকশন কমিটি গঠন করে দিয়েছি। কিন্তু সরকারের নিযুক্ত চেয়ারম্যান আমাদের এই সিদ্ধান্ত কার্যে পরিণত হতে দেয় নাই।” ওই সিলেকশন কমিটিতে মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অকবর আলী খান, গ্রামীণ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খালেদ শামস, কামরুল হাসান ও ঋণগ্রহীতা রোজিনা বেগমকে সদস্য করা হয়েছিল বলে জানান তিনি। তাহসিনা অভিযোগ করেন, “সরকার তাদের মত করে সিলেকশন কমিটি বানাতে চায়। তাদের পছন্দের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করতে চায়।” গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ সংশোধন করায় কোনো সমস্যা হচ্ছে কিনা- জানতে চাইলে পরিচালনা পর্যদের সদস্য সালেহা খাতুন সাংবাদিকদের বলেন, “আপনাদের ক্ষেতের পাকা ধান কেউ কেটে নিলে, পুকুরের মাছ কেউ ধরে নিলে গেলে কেমন লাগবে আপনাদের।” তবে অধ্যাদেশ সংশোধনের ফলে কী ধরনের সমস্যা হচ্ছে সে বিষয়ে পরিচালনা পর্যদের কোনো সদস্যই কিছু বলতে পারেননি। গ্রামীণ ব্যাংকের ৯৭ শতাংশ শেয়ারের মালিক এর ঋণগ্রহীতারা উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, শেয়ারের লভ্যাংশও বিতরণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্যদের নয় সদস্যের মধ্যে আটজন উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১৭৩৯ ঘ.