ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে দুর্নীতি ও অনিয়ম তদন্তে গঠিত কমিটির প্রধান ও কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করার নির্দেশনা চেয়ে করা একটি রিট আবেদন খারিজ করে দিয়েছে হাই কোর্ট।
বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এই রিট আবেদনের বিষয়ে আগের জারি করা দুটি রুলের একটির চূড়ান্ত শুনানি শেষে সোমবার এই রায় দেয়।
ওই রিট আবেদনে গত বছরের ১৯ মে ওই রুল দুটি জারি করে হাই কোর্ট।
ইব্রাহিম খালেদের কৌঁসুলি প্রবীর নিয়োগী সাংবাদিকদের বলেন, “এ রায়ের ফলে খোন্দকার ইব্রাহিম খালেদ বেআইনি কোনো কিছু করেননি বলেই প্রমাণিত হয়েছে।”
দেশের পুঁজিবাজারে অস্থিরতার কারণ অনুসন্ধানে গত বছরের ২৬ জানুয়ারি ইব্রাহিম খালেদকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করে সরকার। ৭ এপ্রিল ওই কমিটি অর্থমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়।
ওই প্রতিবেদন সরকার প্রকাশের আগেই তদন্তের বিভিন্ন বিষয়ে গণমাধ্যমে কথা বলেন ইব্রাহিম খালেদ। এ নিয়ে সমালোচনায়ও পড়েন তিনি। তবে ইব্রাহিম খালেদ বলেন, তার বিভিন্ন বক্তব্য সঠিকভাবে গণমাধ্যমে উপস্থাপিত হয়নি।
ওই সময় গণমাধ্যমে প্রকাশিত ইব্রাহিম খালেদের মন্তব্য নিয়ে সংবাদপত্রে প্রকাশিত দুটি প্রতিবেদন যুক্ত করে পুঁজিবাজারে বিনিয়োগাকারী পরিচয় দিয়ে হাই কোর্টের তিন আইনজীবী মো. আবুল হাশেম, খুরশিদা আক্তার ও রোকনুজ্জামান ওই রিট আবেদন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এইচএএইচ/এমআই/২২৫০ ঘ.
bdnews24