চট্টগ্রাম, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোজার আগে খানিকটা চড়া হয়ে ওঠা চট্টগ্রামের কাঁচাবাজারে জিনিসপত্রের দাম এখন অনেকটাই স্থির। গত কয়দিনে প্রায় সব ধরনের সবজির দাম কেজিপ্রতি কমেছে তিন থেকে চার টাকা।
বিক্রেতারা বলছেন, চাহিদা কমে যাওয়ায় দাম কমছে।
তবে নগরীর প্রধান দুটি কাঁচাবাজার কাজীর দেউরী ও রিয়াজউদ্দিন বাজারের প্রতিটি পণ্যের দামে দুই থেকে দশটাকা পর্যন্ত ফারাক দেখা গেছে। নগরীর অন্যান্য স্থানের কাঁচাবাজারগুলোতেও প্রায় একই চিত্র।
সোমবার রিয়াজউদ্দিন বাজারে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ৮০ টাকা, গোল বেগুন ৪০ ও লম্বা বেগুন ৫০ টাকা, সিম ১৫০ থেকে ১৬০ টাকা, ঝিঙে, বরবটি, কাকরল, করলা, কাঁচামরিচ ও ঢেঁড়শ প্রতি কেজি ৪০ টাকা বিক্রি হচ্ছে।
এ বাজারের বিক্রেতা মোহাম্মদ ইলয়াস জানান, রমজানের আগের সপ্তাহ থেকে বর্তমানে প্রায় প্রতি কেজি সবজিতে দাম কমেছে তিন থেকে চার টাকা।
সোমবার এ বাজারে হাড়সহ প্রতি কেজি গরুর মাংস ২৭০ টাকা ও মহিষের মাংস ২৫০ টাকা এবং হাড় ছাড়া গরুর মাংস ৩৪০ ও মহিষের মাংস ৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি খাসির মাংস ৪৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
বিয়াজউদ্দিন বাজারের মাংস বিক্রেতা আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রমজানে মাংসের দাম বাড়েনি। রমজান মাসের আগে মাংসের যে দাম ছিল এখনো তা-ই রয়েছে।
ওই দুই বাজারে দেখা গেছে মসুর ডাল প্রতি কেজি ১১৫ থেকে ১২০ টাকা দামে বিক্রি হচ্ছে। ছোলা প্রতি কেজি ৮২ টাকা, যা দুই সপ্তাহ আগে ছিল ৬৮ টাকা।
বোতলজাত সয়াবিন প্রতি পাঁচ লিটার ৬৬০ থেকে ৬৬৫ টাকা বিক্রি হচ্ছে।
বিয়াজউদ্দিন বাজারের সাতকানিয়া স্টোরের ব্যবসায়ী মো. রাসেল জানান, রূপচাঁদা, পুষ্টি, ফ্রেশ ও মুসকান ব্যান্ডের প্রতি পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল বিক্রি হচ্ছে ৬৬০ থেকে ৬৬৫ টাকা।
কাজীর দেউরী কাঁচাবাজারের ব্যবসায়ী আজম মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ বাজারে প্রতি কেজি টমেটো ৯০ থেকে ১০০ টাকা, সিম ১৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
এছাড়া প্রতি কেজি বেগুন, কাকরল, করলা, ঢেঁড়শ, বরবটি ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ৬০ টাকায় মূলা, শসা ৩০ টাকা। এ ছাড়া প্রতি কেজি পেঁয়াজ ২৪ টাকা থেকে কমে ১৭ থেকে ১৮ টাকায় বিক্রি হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/২১৪৭ ঘ.
bdnews24