ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান কার্যালয় ছাড়া অন্য কোনো কাজে ব্যবহারের জন্য ব্যাংকগুলো জমি কিংবা ফ্ল্যাট কিনতে পারবে না বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
শুধু কেনার ক্ষেত্রেই নয়, ১০ বছর বা তার বেশি সময়ের জন্য কোনো জমি, ভবন, ফ্ল্যাট ইজারাও নিতে পারবে না বলে সোমবার কেন্দ্রীয় ব্যাংকের এক সার্কুলারে বলা হয়েছে।
কী কারণে এই বিধিনিষেধ, তা সার্কুলারে বলা হয়নি। তবে ব্যাংকগুলো জমি কিংবা ভবন কেনায় অর্থ বিনিয়োগ না করলে তাতে তারল্য সঙ্কট কমবে বলে মনে করা হচ্ছে।
‘ব্যাংক কর্তৃক স্থায়ী সম্পদ ক্রয়’ শীর্ষক সার্কুলারে হয়েছে, “সিদ্ধান্ত গৃহীত হয়েছে, ব্যাংকের প্রধান কার্যালয়ের নিজস্ব ব্যবহার ছাড়া অন্য কোনো প্রয়োজনে জমি, ভবন বা ফ্লোর স্পেস ক্রয় কিংবা ১০ বছর ও তদূর্ধ্ব মেয়াদে ইজারা গ্রহণ করা যাবে না।”
বর্তমানে দেশের প্রায় সব ব্যাংকেরই প্রধান কার্যালয় নিজেদের জমিতে অথবা নিজেদের কেনা ভবনে। ফলে নতুন জমি কেনা প্রায় সব ব্যাংকের জন্যই বন্ধ হয়ে গেল।
তবে ব্যাংকগুলো সিটি কর্পোরেশন এলাকায় শাখার জন্য ভবনের ফ্লোর কিনতে অথবা ইজারা নিতে পারবে বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।
এই জন্য ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের অনুলিপিসহ কেন্দ্রীয় ব্যাংকে আবেদন করতে হবে।
জমি-ফ্ল্যাট কেনা সংক্রান্ত ২০১০ সালের একটি সার্কুলার সংশোধন করে সোমবারের সার্কুলার জারি করা হয়েছে।
২০১০ সালের সার্কুলার অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিয়ে ব্যাংকগুলো জমি, ফ্লোর স্পেস বা অন্য কোনো ধরনের স্থায়ী অবকাঠামো কিনতে বা ইজারা নিতে পারত।
নতুন সিদ্ধান্ত সব ব্যাংকের প্রধান নির্বাহীদের জানিয়ে দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৯৩০ ঘ.
bdnews24