ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুগন্ধি চালের পাশাপাশি সাধারণ চালও রপ্তানির অনুমতি দেওয়ার ব্যাপারে সরকার চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সুগন্ধি চালও নির্দিষ্ট সময়ের বদলে সারা বছর রপ্তানির সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও মন্ত্রী জানান।
রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য পরিস্থিতি ও পোলট্রি শিল্প নিয়ে আন্তঃমন্ত্রনালয় বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, “ধানের উৎপাদন ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। কৃষকরা যেন ন্যায্য মূল্য পায় সেজন্য চাল রপ্তানির চিন্তা-ভাবনা করা হচ্ছে।”
উৎপাদন খরচের চেয়ে বর্তমানে বাজারে চালের দাম কম উল্লেখ করে মন্ত্রী বলেন, “কৃষকরা ন্যায্য মূল্য আদায় করতে পারছে না। বাজারে চালের দাম ২৫ টাকা তবে উৎপাদন খরচ ২৬ টাকা ৫০ পয়সা।”
বর্তমানে ১৩ লাখ টন খাদ্য শস্য মজুদ রয়েছে এবং আরো ৫ লাখ টন সংগ্রহ করা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।
মন্ত্রী বলেন, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সুগন্ধি চাল রপ্তানির সুযোগ থাকলেও সারা বছর রপ্তানি করার সুযোগ দেওয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে।
সুগন্ধি চাল রপ্তানির পাশাপাশি সাধারণ চাল রপ্তানির চিন্তা-ভাবনা করা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত আসতে আরো ছয় মাসের মতো সময় লাগতে পারে।
চাল রপ্তানির বিষয়ে সিদ্ধান্ত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটিতে চূড়ান্ত করা হবে বলে জানান মন্ত্রী।
চাল রপ্তানি করা হলে আভ্যন্তরীণ বাজারে কোনো প্রভাব পড়বে না বলে অর্থমন্ত্রী মনে করেন।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “মানুষের আয় বেড়েছে, আমি নিজেও গ্রামে যাই, মানুষের কোনো সাফারিং নেই, মূল্যস্ফীতি শুধু রয়েছে শহরে।”
ওএমএস এ চালের দাম কমানো হবে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, “ওএমএস এ চালের দাম কমানোর চিন্তা-ভাবনা চলছে, খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটিতে এ বিষয়টি চূড়ান্ত করা হবে।”
বর্তমানে পোলট্রি খাত মারাত্মক সমস্যায় রয়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, ভ্যাকসিন উৎপাদনের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রনালয় ও প্রাণী সম্পদ মন্ত্রনালয় এবং সংশ্লিষ্টদের নিয়ে শিগগিরই বৈঠক করা হবে।
বৈঠকে অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, বানিজ্যমন্ত্রী জিএম কাদেরসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১৪০২ ঘ.
bdnews24