২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে চিংড়িচাষ ক্ষতির মুখে

উৎপাদন হ্রাস এবং বাজারদর কমে যাওয়ার কারণে বাগেরহাটের বাগদা চিংড়িচাষে সংশ্লিষ্টরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2012, 12:38 PM

Updated : 24 Aug 2022, 11:49 AM

অলীপ ঘটক বাগেরহাট প্রতিনিধি বাগেরহাট, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উৎপাদন হ্রাস এবং বাজারদর কমে যাওয়ার কারণে বাগেরহাটের বাগদা চিংড়িচাষে সংশ্লিষ্টরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। চিংড়িচাষি ও ব্যবসায়ীরা ঘেরে ভাইরাস সংক্রমণ হয়েছে বলে দাবি করলেও সংশ্লিষ্ট মৎস্য ও বৈজ্ঞানিক কর্মকর্তারা তা অস্বীকার করেছেন। তাদের দাবি, পরিবেশগত কারণে পোনা এবং বড় চিংড়ির মৃত্যু হচ্ছে। তারা কৃষকদের বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ না করাকে এজন্য দায়ী করেন। “বাগদা চিংড়ি ঘেরে ভাইরাস সংক্রমিত হওয়ায় চিংড়ির দেখা মিলছে না। আর যা মিলছে তা ভাইরাস আক্রান্ত মরা। ত্রিশ বিঘা চিংড়ি ঘেরে চলতি মৌসুমে সাড়ে চার লাখ বিনিয়োগ করে মাত্র ত্রিশ হাজার টাকার চিংড়ি বাজারে বিক্রি করেছি। এ মৌসুমে আসল টাকা তোলাই দুঃসাধ্য হয়ে পড়েছে।” বাগেরহাট সদরের বেমরতা ইউনিয়নের বেড় গজালিয়া গ্রামে গিয়ে চিংড়ি চাষের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কথাগুলো বলেন চিংড়িচাষি মো. আসাদ শেখ। সদরের ষাটগম্বুজ ইউনিয়নের শশীখালীর চিংড়িচাষি আরশাদ আলী শেখ প্রায় একশ’ বিঘা জমিতে ২২টি চিংড়ি ঘের করেছেন বলে জানান। তিনি বলেন, “ত্রিশ লাখ টাকা বিনিয়োগ করে এখনো বাজারে পঞ্চাশ হাজার টাকার চিংড়িও বিক্রি করতে পারিনি।” জেলার রামপাল, মোরেলগঞ্জ, মংলা, কচুয়া ও ফকিরহাট উপজেলায় খোঁজ নিয়েও প্রায় একই ধরনের তথ্য পাওয়া গেছে। মোরেলগঞ্জের তেলিগাঁতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরিকুল ইসলাম ঝন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাগদা চিংড়ি ঘেরে তিন লাখ টাকা খরচ করে এখনো কোনো মাছ পাইনি। এ ইউনিয়নের অধিকাংশ ঘেরে ভাইরাস আক্রান্ত হয়েছে।” এই এলাকার অনেক চিংড়িচাষি ব্যাংক ও এনজিও থেকে ঋণ নিয়েছেন। বাজারে চিংড়ির দাম কমে যাওয়ায় তারা ঋণের টাকা পরিশোধ করা নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন, বলেন তিনি। রামপালের ফয়লা গ্রামের মনির হোসেন বলেন, প্রতিবছরই ভাইরাসে আক্রান্ত হয়ে বাগদা চিংড়ি মারা যায়। তারপরও আর্থিক ঝুঁকি নিয়ে চাষিরা চিংড়ি চাষ করে যাচ্ছেন। মৎস্য অধিদপ্তর বিষয়টি জানলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। ফকিরহাটের ফলতিতা মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি তৌহিদুল ইসলাম পপলু বলেন, এ আড়তে বাগেরহাট ছাড়াও খুলনা, পিরোজপুর ও গোপালগঞ্জের চিংড়িচাষিরা মাছ বিক্রি করতে আসেন। “প্রতি অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে এই আড়তে দুই থেকে আট কোটি টাকার চিংড়ি বেচাকেনা হয়ে থাকে। বর্তমানে আট থেকে দশ লাখ টাকার বেশি চিংড়ি মাছ বেচাকেনা হচ্ছে না,” বলেন তিনি। তিনি বলেন, ঘেরগুলোতে ভাইরাস সংক্রমিত হওয়ায় আড়তে মাছের আমদানি অনেক কম। এছাড়া বাজার দরও অস্বাভাবিক কম। বাগেরহাট জেলা চিংড়িচাষি সমিতির আহবায়ক ফকির মহিতুল ইসলাম সুমন বলেন, জেলার শতকরা আশি ভাগ মানুষ চিংড়ি চাষের সঙ্গে জড়িত। মানসম্মত পোনা সরবরাহ নিশ্চিত না হওয়া এবং উপযুক্ত প্রশিক্ষণের অভাবে প্রতিবছর এ জেলার চিংড়িচাষিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। এছাড়া এবার বাজারে চিংড়ির দাম অস্বাভাবিক কম বলে তিনি দাবি করেন। এ ব্যাপারে বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মো. হারুন-অর রশিদ বলেন, পরিবেশগত কারণে ঘেরের চিংড়ি মারা যাচ্ছে। চলতি মৌসুমে বৃষ্টিপাত কম হওয়া এবং ঘেরের পানিতে লবনাক্ততা কমে যাওয়ায় চিংড়ি মরার কারণ হতে পারে। তবে তাদের গবেষণা কেন্দ্রে ভাইরাস সংক্রমিত কোনো চিংড়ি কেউ আনেনি বলে তিনি জানান। বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) নারায়ণ চন্দ্র মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চিংড়ি ঘেরে কমপক্ষে তিন ফুট পানি থাকা দরকার। কিন্তু চলতি মৌসুমে এ জেলার ঘেরগুলোতে পানি ছিল অনেক কম। এ কারণে অনেক ঘেরে বাগদা পোনা অবস্থায় মারা গেছে। বাজার দর সম্পর্কে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে মাছের দাম কমে যাওয়ায় দেশের বাজারেও এখন চিংড়ির দাম কমে গেছে। জেলার চিংড়িচাষি এবং ডিপো মালিকরা জানান, ১৫-২০ গ্রেডের বাগদা চিংড়ির বর্তমান বাজার দর কেজি প্রতি ৫৫০-৬০০ টাকা এবং ২২-৬৬ গ্রেডের বাজার দর কেজি প্রতি ৩৮০-৪০০ টাকা। গত বছর এই দর ছিল যথাক্রমে ৯০০ টাকা এবং ৬৫০ টাকা। বাগেরহাট সদরের বারাকপুর বাজার মৎস্য আড়ৎ সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, হিমায়িত চিংড়ি রপ্তানিকারকরাই তাদের মূল ক্রেতা। তিনি অভিযোগ করেন, এই ক্রেতারা প্রতিবছর বাগদা মৌসুমে কৌশলে বাগদার দাম এবং গলদা মৌসুমে গলদার দাম কমিয়ে দেন। তবে এ বছর দাম অস্বাভাবিকভাবে দুই থেকে তিনশ’ টাকা কমে গেছে। বাংলাদেশ হিমায়িত খাদ্য রপ্তানিকারক প্রতিষ্ঠানের (বিএফএফইএ) সহ-সভাপতি আব্দুল্লাহেল বাকি বলেন, আন্তর্জাতিক বাজারে চিংড়ির দাম শতকরা চল্লিশ ভাগ কমে গেছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারে। পরিস্থিতির উন্নতি না হলে স্থানীয় বাজারে চিংড়ির দাম আরো কমতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। কৌশলে স্থানীয় বাজার দাম কমানোর অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় বাজার মূল্য নির্ধারণ করা হয়। মৎস্য বিভাগ জানিয়েছে, এ বছর জেলার নয় উপজেলায় প্রায় ৪৮ হাজার হেক্টর জমিতে চিংড়ি চাষ হচ্ছে। এরমধ্যে বাগদা চিংড়ি ঘের রয়েছে ৩৯ হাজার ৯৫টি। বাগেরহাটে ফেব্রুয়ারি থেকে অগাস্ট (বাংলা ফাল্গুন থেকে ভাদ্র) মাস বাগদা চিংড়ি চাষের মৌসুম। ফালগুন মাসে কৃষকরা বাগদা চিংড়ি ঘের প্রস্তুত করে পোনা ছাড়া শুরু করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৯ ঘ.