আবদুর রহিম হারমাছি
প্রধান অর্থনৈতিক প্রতিবেদক
ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাত্র তিন দিনের মাথায় কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার ১০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। প্রধানত প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ বাড়ার কারণেই রিজার্ভ বাড়ছে বলে জানিয়েছেন গভর্নর আতিউর রহমান।
চলতি সপ্তাহের প্রথম দিন রোববার রিজার্ভের পরিমাণ ছিল সাড়ে দশ বিলিয়ন ডলারের উপরে। সোমবার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ৬৬ কোটি ৭০ লাখ ডলার আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ ৯ দশমিক ৯৩ বিলিয়ন ডলারে নেমে এসেছিল।
বুধবার দিন শেষে সেই রিজার্ভ বেড়ে ১০ দশমিক ২০ বিলিয়ন ডলারে উঠেছে।
এর আগেও আকুর দেনা পরিশোধের পর বেশ কিছুদিন রিজার্ভ ১০ বিলিয়ন ডলারের নীচে অবস্থান করেছে। এবারই প্রথম তিন দিনের মাথায় ১০ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে।
মূলত: প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহ বাড়ার কারণেই রিজার্ভ সন্তোষজনক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আতিউর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রবাসীরা আমাদের অর্থনীতিতে বিশেষ অবদান রেখে চলেছেন। সদ্য সমাপ্ত অর্থবছরে ১২ দশমিক ৮৫ বিলিয়ন ডলারের রেকর্ড পরিমাণ রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। যা আগের অর্থবছরের চেয়ে সাড়ে ১০ শতাংশ বেশি।”
“সেই ধারাবাহিকতা নতুন অর্থবছরেও অব্যাহত রয়েছে। সামনে দুটি ঈদ। এ দুটি দিবসকে সামনে রেখে প্রবাসীরা তাদের পরিবার-পরিজনের কাছে বেশি রেমিটেন্স পাঠাবেন। যার ইতিবাচক প্রভাব পড়বে রিজার্ভে,” বলেন আতিউর।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের প্রথম ছয় দিনে ( পহেলা জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত) প্রায় ২০ কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।
এদিকে রিজার্ভ বাড়াতে বিদেশি মুদ্রায় প্রচলিত তিনটি বন্ড কেনার শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে বিদেশি মুদ্রায় একাউন্ট (এফসি একাউন্ট) খোলার শর্তও শিথিল করা হয়।
বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বাতিলের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে দেশের সবচেয়ে বড় এই অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দেওয়ার পরপরই ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড, ইউ এস ডলার প্রিমিয়াম বন্ড এবং ইউ এস ডলার ইনভেস্টমেন্ট কেনার শর্ত শিথিল করে মঙ্গলবার একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
একই সার্কুলারে এফ সি একাউন্ট (বৈদেশিক মুদ্রা একাউন্ট) খোলার ক্ষেত্রেও শর্ত শিথিল করা হয়। মঙ্গলবারই সার্কুলারটি বাংলাদেশ ব্যাংকের সব শাখা এবং সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
মূলত প্রবাসীদের কাছে এই তিনটি বন্ড জনপ্রিয় করার মাধ্যমে বৈদেশিক মুদ্রার মজুদ বাড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন।
সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন, “কেন্দ্রীয় ব্যাংকে বর্তমানে যে বৈদেশিক মুদ্রার মজুদ আছে পদ্মা সেতুর জন্য তা থেকে এক বিলিয়ন ডলার নিলে তেমন সমস্যা হবে না।”
প্রবাসীদের কাছে ৭৫ কোটি ডলারের ‘সভরেন বন্ড’ ছাড়া হবে বলেও ঘোষণা দেন তিনি।
সরকারের অন্যতম অগ্রাধিকার প্রকল্প পদ্মা সেতুতে বিশ^ব্যাংক ১২০ কোটি ডলার ঋণ দিতে চেয়েছিল। তবে কথিত দুর্নীতির অভিযোগ তুলে গত ২৯ জুন ঋণচুক্তি বাতিল করেছে দাতা সংস্থাটি। এতে বিদেশি অন্য সংস্থাগুলোর ঋণ পাওয়াও অনিশ্চিত হয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৮ জুলাই জাতীয় সংসদে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের রূপরেখা তুলে ধরেন। সোমবার মন্ত্রিসভার বৈঠকেও নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মাণের কাজ শুরুর সিদ্ধান্ত হয়।
আতিউর রহমান বলেন, “রেমিটেন্স বাড়ায় ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হচ্ছে। পাশ্ববর্তী দেশ ভারতসহ বিভিন্ন দেশে যখন ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার মান কমছে, আমাদের এখানে তখন উল্টোটা হচ্ছে। পাশ্ববর্তী দেশ ভারতসহ সব দেশেই যেখানে ডলারের বিপরীতে মুদ্রার মান কমছে, আমাদের এখানে তখন টাকার মান বাড়ছে। গত চার-পাঁচ মাস ধরেই ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হচ্ছে।”
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার আন্তব্যাংক মুদ্রাবাজারে প্রতি ডলার ৮১ টাকা ৮০ পয়সায় বিক্রি হয়।
গভর্নর বলেন, “গত অর্থবছরে বিদেশি সাহায্য প্রবাহ বেড়েছে প্রায় ২০ শতাংশ। সরাসরি বিদেশি বিনিয়োগের গতিও বেশ ভালো।
আতিউর বলেন, “প্রধান সূচকগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, দেশের অর্থনীতি ভালোর দিকেই যাচ্ছে। বিশ্ব অর্থনীতির মন্দার মধ্যেও গত অর্থবছরে রপ্তানি আয়ে ৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আগের অর্থবছরের ৪২ শতাংশ প্রবৃদ্ধির ওপর এই প্রবৃদ্ধি কোনো অংশেই কম নয়।”
“অন্য সূচকগুলোও ইতিবাচক। কিছুদিন আগেও অর্থনীতিতে যে সংকটের আশংকা করা হচ্ছিল। সেটা কেটে গেছে। আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে”, যোগ করেন তিনি।
বাংলাদেশসহ নয়টি দেশের অলিখিত বাণিজ্য জোট হচ্ছে আকু। আকুর বাকি সদস্য দেশগুলো হচ্ছে- ভারত, পাকিস্তান, ভুটান, মিয়ানমার, শ্রীলংকা, নেপাল, ইরান ও মালদ্বীপ।
এই দেশগুলো থেকে বাংলাদেশ যে সব পণ্য আমদানি করে দুই মাস পর পর তা আকুর মাধ্যমে একসঙ্গে পরিশোধ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএ/২১৩৯ ঘ.
bdnews24