২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘গার্মেন্টে অস্থিরতার পেছনে ৪ চক্র’

পোশাক শিল্পে অস্থিতিশীলতার পেছনে বিদেশিদের ইন্ধন থাকার অভিযোগের মধ্যেই সরকারদলীয় এক সাংসদ চারটি চক্রকে অস্থিরতার জন্য দায়ী করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2012, 03:48 PM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পোশাক শিল্পে অস্থিতিশীলতার পেছনে বিদেশিদের ইন্ধন থাকার অভিযোগের মধ্যেই সরকারদলীয় এক সাংসদ চারটি চক্রকে অস্থিরতার জন্য দায়ী করেছেন। তার মতে, বিদেশি মদদপুষ্ট এনজিও ছাড়াও বাম রাজনীতিবিদ ও ঝুট ব্যবসায়ীরা এর পেছনে রয়েছে। জাতীয় সংসদের রোববারের অধিবেশনে ২০১২-১৩ সালের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সাংসদ জহুরুল হক ভূইয়া মোহন এ কথা বলেন। তিনি বলেন, “গার্মেন্ট শিল্পে অস্থিরতার জন্য চারটি চক্র কাজ করে। প্রথমত বিদেশি মদদপুষ্ট কিছু এনজিও এর সাথে যুক্ত। এরপর রয়েছে কিছু বাম রাজনীতিবিদ এবং নামধারী কিছু শ্রমিক। সবশেষে রয়েছে পারমানেন্ট গভর্মেন্ট পার্টি- তারা ঝুট ব্যবসায়ী।” এর আগে আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম অস্থিতিশীলতার জন্য বিদেশিদের ইন্ধন থাকার কথা বললেও বিএনপির পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে ভারতের কথা উল্লেখ করা হয়েছে। নরসিংদী-৩ আসনের এই সাংসদ গণমাধ্যমকে তৈরি পোশাক শিল্প নিয়ে ‘উস্কানিমূলক’ সংবাদ প্রকাশ না করারও আহবান জানান। জোতিষীর শিস্যত্ব নিয়েছেন খালেদা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া জোতিষী বা মহাজাতকের শীস্যত্ব গ্রহণ করেছেন বলে জাতীয় সংসদে জানিয়েছেন সংরক্ষিত মহিলা আসনে সরকার দলীয় সাংসদ এ এন মাহফুজা খাতুন বেবী মওদুদ। তিনি বলেন, “খালেদা জিয়া কোনো জোতিষী বা মহাজাতকের শিস্যত্ব গ্রহণ করেছেন। ওই জোতিষী ওনাকে যা বলেন, উনি তাই বলেন।” “কখনো উনি বলেন, আওয়ামী লীগ ১০০ বছরেরও ক্ষমতায় আসতে পারবে না। আবার, কখনো বলছেন, ৪১ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। যখন জেনেই গেছেন আওয়ামী লীগ ৪১ বছরে ক্ষমতায় আসবে না। তাহলে, তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছেন কেনো?” বিরোধীদলীয় নেতার কাছে প্রশ্ন রাখেন বেবী মওদুদ। খালেদা জিয়াকে উদ্দেশ করে এই মহিলা সাংসদ আরো বলেন, “তাহলে নির্বাচন করে ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক ব্যবস্থার আবার প্রবর্তন করুন।” বেবী মওদুদ সব ধর্মাম্বলীদের জন্য বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক করারও জোর দাবি জানান। তিনি বলেন, “হিন্দু মহিলাদের জন্য ঐচ্ছিক করলে চলবে না। সকলের জন্য অবশ্যই অবশ্যই নিবন্ধন বাধ্যতামূলক করতে হবে।” মোবাইলের কলচার্জের ওপর কর ধার্যের অর্থমন্ত্রীর প্রস্তাবের বিরোধিতা করে বেবী মওদুদ বলেন, “গ্রাহকদের কাছ থেকে কেনো কর আদায় করবেন? মোবাইল ফোন কোম্পানিগুলোর কাছ থেকে কর নিন।” ব্যক্তিগত করের সীমা ৩ লাখ করার প্রস্তাব রেখে তিনি বলেন, “সাধারণ নাগরিকদের বাড়িভাড়া দিতেই তো সব চলে যায়। কর দেবে কীভাবে?” এ ছাড়া প্রতিবন্ধী ভাতা ৩০০ টাকা থেকে ৫০০ টাকা করার প্রস্তাবও রাখেন বেবী মওদুদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২১৪২ ঘ.