চট্টগ্রাম, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সবাইকে পণ্য ব্যবহারে সংযত হয়ে বিলাস পণ্য কম আমদানির আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
বাংলাদেশ ব্যাংকের পরিচালক অধ্যাপক হান্নানা বেগমের তিনটি গ্রন্থের প্রকাশনা উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, “বিলাস পণ্য কম আমদানি করলে আমদানি-রপ্তানি ও রেমিটেন্স’র মধ্যে সমন্বয় করা যাবে।”
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বাড়ছে উল্লেখ করে আতিউর জানান, গত তিন বছরের তুলনায় দেশে এখন রিজার্ভের পরিমাণ দ্বিগুণ হয়েছে, যা ১০ বিলিয়ন ডলারের কাছাকাছি।
দেশের অর্থনীতির চিত্র তুলে ধরতে গিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, গত চার মাস ধরে মূল্যস্ফীতি কমতে শুরু করেছে। দেশের অর্থনীতিতে কেউ হতাশার পরিবেশ সৃষ্টি করলে কোনো লাভ হবে না। দেশের মানুষকে নিজের উপর ভরসা রাখতেও বলেন তিনি।
গত কয়েক বছর ধরে বাজেটে নারীদের জন্য আলাদা একটি অংশ বরাদ্দ রাখা হচ্ছে উল্লেখ করে গভর্নর বলেন, এবারই পূর্ণাঙ্গরূপে বাজেটে নারী শিল্প উদ্যোক্তাদের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক।
এছাড়া এতে সাংবাদিক-অধ্যাপক আবুল মোমেন, অধ্যাপক আনোয়ারা আলম প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে হান্নানা বেগমের ‘নারীর মানুষ হওয়ার সংগ্রাম: জাতিসংঘের উদ্যোগ ও বাংলাদেশের চালচিত্র’, ‘বাজেটের কথা ও জনপ্রত্যাশা’, ও ‘নারী ও বাংলাদেশের অর্থনীতি’, এ তিনটি গ্রন্থের নানা দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এইচএ/২১৩০ ঘ.
bdnews24