২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানির দাম বাড়ায় সংকটে বিদ্যুৎ খাত

জ্বালানি তেলের দাম বাড়ানোয় তেলভিত্তিক কেন্দ্রের ওপর নির্ভর বিদ্যুৎ খাত আর্থিক সংকটে পড়েছে। ফলে সচল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখতে কিংবা উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে পিডিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2012, 12:54 PM

Updated : 24 Aug 2022, 11:29 AM

আমিনূর রহমান রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেলের দাম বাড়ানোয় তেলভিত্তিক কেন্দ্রের ওপর নির্ভর বিদ্যুৎ খাত আর্থিক সংকটে পড়েছে। ফলে সচল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রাখতে কিংবা উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে পিডিবি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান এ এস এম আলমগীর কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালাতে গিয়ে আর্থিক সংকটের মুখে পড়েছে এ খাত। বিদ্যুৎ কেন্দগুলো চালাতে দৈনিক গড়ে ৩৫ থেকে ৪০ কোটি টাকার প্রয়োজন হয়। এর মধ্যে তেলভিত্তিক কেন্দ্র চালাতে ২৩ থেকে ২৫ কোটি টাকা লাগে। বাকি টাকা গ্যাস ও কয়লাভিত্তিক কেন্দ্রগুলোতে খরচ হয়।” “চলতি অর্থবছরে সরকারের কাছে ভর্তুকি হিসেবে ছয় হাজার ৪০০ কোটি টাকা চেয়ে গত জানুয়ারি পর্যন্ত চার হাজার ৩০০ কোটি টাকা পাওয়া গেছে। অর্থবছর শেষ হতে আর এক মাস বাকি আছে। এ অর্থ না পাওয়া গেলে এ খাত চরম আর্থিক সংকটের মুখে পড়বে”, যোগ করেন তিনি। বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বর্তমান সরকারের আমলে তেলভিত্তিক কেন্দ্র নির্মাণের চুক্তির সময় লিটার প্রতি ফার্নেস অয়েলের দাম ছিল ২৬ টাকা ও ডিজেলের ৪৪ টাকা। কিন্তু দুই বছরের ব্যবধানে ফার্নেস অয়েলের দাম দাঁড়িয়েছে ৬০ টাকা এবং ডিজেলের দাম ৬১ টাকা।” তাই তেলের উচ্চমূল্যের কারণেই বাধ্য হয়ে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ কিংবা উৎপাদন কম করতে হচ্ছে। পিডিবির তথ্য অনুযায়ী, তেলের উচ্চমূল্যের কারণে বর্তমানে উৎপাদনক্ষম তেলভিত্তিক মোট ৩৪ টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে ৮টি বন্ধ রয়েছে। আর ১০টি কেন্দ্রে কম উৎপাদন করা হচ্ছে। সবমিলিয়ে ১৮টি কেন্দ্র থেকে প্রায় ৮০০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। এ অবস্থায় নতুন বিদ্যুৎ কেন্দ্র চালু হলেও অর্থ সংকটের কারণে তাকে বসিয়ে রাখতে হবে। আর এসব কেন্দ্রের অধিকাংশ ভাড়াভিত্তিক ও বেসরকারি খাতের হওয়ায় সরকার কেন্দ্রগুলো চালু রাখতে না পারলেও চুক্তি অনুয়ায়ী ‘ক্যাপাসিটি চার্জ’ দিয়ে যেতে হবে। জ্বালানি তেলে ভর্তুকি কমাতে গত বছর চারবার ডিজেল ও ছয়বার ফার্নেস অয়েলের দাম বাড়ানো হয়। সর্বশেষ গত বছরের ২৯ ডিসেম্বর জ্বালানি তেলের দাম বাড়ানো হয়। সে অনুযায়ী প্রতি লিটার ডিজেল ৬১ টাকা, কেরোসিন ৬১ টাকা, পেট্রোল ৯১ টাকা, অকটেন ৯৪ টাকা ও ফার্নেস অয়েল ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। ভোক্তা অধিকার সংগঠন কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সরকারের যথাযথ পরিকল্পনার অভাবে বিদ্যুৎ খাত আর্থিক সংকটে পড়েছে। এ কারণে ভর্তুকি কমাতে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে ভোক্তাদের ওপর।” দেশে বর্তমানে দৈনিক প্রায় সাড়ে সাত হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে গড়ে সাড়ে পাঁচ হাজার মেগাওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এইচএ/১৮৫১ ঘ.