রিয়াজুল বাশার
জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ বেতারের ২০ কোটি টাকার সরঞ্জাম দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশ উপেক্ষা করে ‘অযোগ্য’ একটি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দিতে বলেছে সরকারি ক্রয় কমিটি।
ক্রয় কমিটির কেন্দ্রীয় ক্রয় কারিগরি ইউনিট (সিপিটিইউ)-এর তিন সদস্যের একটি পর্যালোচনা প্যানেল দরপত্রের শর্তাদি পূরণে ব্যর্থ প্রতিষ্ঠান ক্রোয়েশিয়ার রিজ ট্রান্সমিটারস কোম্পানিকে কার্যাদেশ দেয়ার সুপারিশ করেছে। যদিও এর আগে প্রাথমিক দরে তাদেরকে অযোগ্য বলে রায় দিয়েছিল বেতারের দরপত্র মূল্যায়ন কমিটি।
এ সংক্রান্ত নথিপত্র হাতে পেয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
নাম প্রকাশ না করার শর্তে বেতারের কয়েকজন কর্মকর্তা জানান, বেতার গত বছরের ৩১ অক্টোবর তিনটি ১০০ কিলোওয়াট ক্ষমতার ট্রান্সমিটার কেনার জন্য দর ডাকে। এতে ক্রোয়েশিয়ার রিজ ট্রান্সমিটারস কোম্পানি, জার্মানির ট্রান্সরেডিও সেন্ডারসিস্টেম, সুইজারল্যান্ডের টমসন ব্রডকাস্ট এন্ড মাল্টিমিডিয়া এবং ভারতের বিইসিআইএল সরাসরি বা তাদের স্থানীয় প্রতিনিধির মাধ্যমে দর জমা দেয়।
বেতারের সাত সদস্যের দরপত্র মূল্যায়ন কমিটি সর্বনিম্ন দরদাতা ক্রোয়েশিয়ার রিজ ট্রান্সমিটারস কোম্পানি ও ভারতের বিইসিআইএলকে বাণিজ্যিক ও কারিগরিভাবে অযোগ্য ঘোষণা করে।
মূল্যায়ন কমিটির প্রতিবেদনে বলা হয়, ক্রোয়েশিয়ার রিজ ট্রান্সমিটারস কোম্পানির দরপত্র বেতারের চাহিদার বিপরীতে আবশ্যিক কাগজপত্রে ঘাটতি থাকায় এবং আরো কিছু বিষয়ে প্রস্তাব অপূর্ণ থাকায় প্রাথমিক মূল্যায়নে অযোগ্য বিবেচিত হয়। তারপরও আর্থিকভাবে সর্বনিম্ন হওয়ার কারণে এই কোম্পানির কারিগরি দিক মূল্যায়নের সিদ্ধান্ত নেয় দরপত্র মূল্যায়ন কমিটি।
কারিগরি মূল্যায়নে দেখা যায়, তারা ট্রান্সমিটারের ডিজিটাল অপারেশনের উৎপাদন ক্ষমতা ন্যূনতম ৭০ কিলোওয়াটের পরিবর্তে ন্যূনতম ৬০ কিলোওয়াট প্রস্তাব করে। এছাড়া এভিআর ও এন্টেনার প্রস্তাবে ত্রুটি খুঁজে পাওয়া যায়।
মূল্যায়নে কমিটি রিজ ট্রান্সমিটারস কোম্পানিকে কারিগরিভাবেও অযোগ্য ঘোষণা করে।
বেতারের কর্মকর্তারা আরো জানান, এর আগে ২০০৮ সালে ওই কোম্পানি বেতারের নওয়াপাড়া, যশোর এবং কাহালু, বগুড়াতে দুটো ‘নিম্নমানের’ ট্রান্সমিটার সরবরাহ করে, যা বর্তমানে ঠিকভাবে চলছে না এবং বেতারের ওই দুই কেন্দ্রে ট্রান্সমিশন ব্যাহত হচ্ছে।
মূল্যায়নের পর কমিটি বাণিজ্যিক ও কারিগরিভাবে যোগ্য সর্বনিম্ন দরদাতা হিসাবে জার্মানির ট্রান্সরেডিও সেন্ডারসিস্টেমকে চিহ্নিত করে তাদের সঙ্গে চুক্তি সম্পাদন করে কাজ দেয়ার জন্য সুপারিশ করে তথ্য মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য নথি পাঠায়।
এরই মধ্যে রিজ ট্রান্সমিটারস’র স্থানীয় প্রতিনিধি ইউনিকর্ন বাংলাদেশ লিমিটেড বেতারের কমিটির প্রতিবেদন চ্যালেঞ্জ করে সিপিটিউর পর্যালোচনা প্যানেলের চেয়ারম্যান বরাবর চিঠি দেয়।
এরপর সিপিটিউর প্যানেল-২ এর চেয়ারম্যান মো. এনামুল কবির বেতার কর্তৃপক্ষ ও ইউনিকর্ন বাংলাদেশ লিমিটেডকে এ বছরের ১৮ এপ্রিল একটি শুনানিতে হাজির হতে বলে।
২৫ এপ্রিল আরেকটি শুনানির পর ২৯ এপ্রিল প্যানেল-২ এর চেয়ারপারসন ও অবসরপ্রাপ্ত সচিব মুহাম্মাদ এনামুল কবির স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে ইউনিকর্ন বাংলাদেশ লিমিটেডকে কাজ দিতে বলেন।
প্যানেল-২ এর প্রতিবেদনে স্বাক্ষরকারী অপর দুই সদস্য হলেন এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক মুহাম্মদ শামসুল আলম এবং অবসরপ্রাপ্ত বিচারক এনায়েত উল্লাহ।
বেতারের কর্মকর্তাদের দাবি, স্বাক্ষরকারী তিনজনের কেউই বেতারের ১০০ কিলোওয়াট ট্রান্সমিটার ক্রয়ের মত কারিগরি ক্রয়কাজে মতামত দেয়ার মত যথেষ্ট কারিগরি জ্ঞানসম্পন্ন নন। পক্ষান্তরে বেতারের সাত সদস্যের দরপত্র মূল্যায়ন কমিটির পাঁচজনই প্রকৌশলী এবং বর্তমানে বেতার, বুয়েট, বাংলাদেশ সেনাবাহিনীর সিগনাল কোর এ কর্মরত।
কারিগরি বিশেষজ্ঞ ছাড়াই পর্যালোচনা প্যানেল সিদ্ধান্ত দিতে পারে কি না- জানতে চাওয়া হলে সিপিটিইউ’র মহাপরিচালক অমূল্য কুমার দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারিগরি জ্ঞানসম্পন্ন কেউ না থাকলেও রিভিউ প্যানেল সিদ্ধান্ত দিতে পারে।”
প্যালেন যদি মনে করে কারিগরি বিশেষজ্ঞের মতামত নেওয়া প্রয়োজন, তাহলে তখন তারা তা নিতে পারে এবং অনেক সময় তা নেয়।”
বেতারের যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে কারিগরি বিশেষজ্ঞের মতামত নেওয়া হয়েছে কি না জানতে চাওয়া হলে তিনি বলেন, “আমার জানামতে নেওয়া হয়নি। এক্ষেত্রে প্রয়োজন মনে না করায় তারা হয়তো নেননি।”
রিভিউ প্যানেলের সিদ্ধান্ত কারো পছন্দ না হলে আদালতে যাওয়ার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে চাওয়া হলে প্রকল্প পরিচালক নজরুল ইসলাম কিছু বলতে রাজি হননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমআই/১৮০৩ ঘ.
bdnews24