২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু: ‘মালয়শিয়ার সঙ্গে আগে আলোচনা, এরপর চুক্তি’

পদ্মা সেতু নির্মাণে অর্থায়নের বিষয়ে মালয়শিয়ার সঙ্গে আলোচনার পরই চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2012, 08:12 AM

Updated : 24 Aug 2022, 11:08 AM

ঢাকা, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নির্মাণে অর্থায়নের বিষয়ে মালয়শিয়ার সঙ্গে আলোচনার পরই চুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। এই সেতুকে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলে বিশ্ব ব্যাংকের অর্থায়ন স্থগিতের কারণে বিকল্প অর্থের উৎসের দিকে সরকার এগুচ্ছে বলে জানিয়েছেন তিনি। মন্ত্রী রোববার সড়ক ভবনে সাংবাদিকদের আরো বলেছেন, আগামী ১০ মাসের মধ্যেই পদ্মা সেতুর কাজ শুরু করা হবে। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন স্থগিত করায় দেশের বহু প্রতীক্ষিত এই সেতুর কাজ আটকে যায়। এরপর মালয়শিয়া এই প্রকল্পে অর্থায়নের আগ্রহ দেখায়। এর মধ্যেই একটি সমঝোতা স্মারক সইয়ের জন্য সরকারের একটি প্রতিনিধি দল রোববার রাতেই কুয়ালালামপুর রওনা হচ্ছেন বলে জানান কাদের। সফরকারী দলে রয়েছেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ইকবাল মাহমুদ, সেতু বিভাগের সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম, পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম। ওবায়দুল কাদের জানান, আগামী ১০ এপ্রিল মালয়শিয়ার সঙ্গে সমঝোতা স্মারক সই হবে। মালয়শিয়ার সঙ্গে চুক্তি কবে হবে- জানতে চাইলে তিনি বলেন, আলোচনার পরই চুক্তি করা হবে। “মালয়শিয়া কত টাকা দেবে, তার কিছুই এখনো ঠিক হয়নি। তবে খুব শিগগিরই হবে,” বলেন মন্ত্রী। বিল্ট ওন অপারেট অ্যান্ড ট্রান্সফার (ইঙঙঞ) পদ্ধতিতে পদ্মাসেতু নির্মাণ করা হবে জানান তিনি। ব্যয় নির্ধারণ কীভাবে হবে- জানতে চাইলে মন্ত্রী বলেন, বর্তমান অবস্থার সঙ্গে সমন্বয় করে বাস্তবতার নিরিখে তা নির্ধারণ করা হবে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু প্রকল্পে আগে ২৯০ কোটি ডলার ব্যয় ধরে বিশ্ব ব্যাংকসহ কয়েকটি সংস্থার সঙ্গে ঋণচুক্তি করে সরকার। বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার দেওয়ার কথা ছিল। এছাড়া এডিবি ৬১ কোটি, জাইকা ৪০ কোটি ও আইডিবির ১৪ কোটি ডলার দেওয়ার কথা। মালয়শিয়ার সঙ্গে এমওইউ সই হলেই যে বিশ্ব ব্যাংকসহ অন্যদের সঙ্গে চুক্তি বাতিল করতে হবে- এমন মোটেই না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, “বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, আমাদের সময় কম বলেই বিকল্প অর্থায়নের চিন্তা করা হয়েছে।” “তবে আশা করি, বিশ্বব্যাংক অর্থায়ন করবে এবং তা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে কাজে লাগবে,” বলেন তিনি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও শনিবার বলেছেন, মালয়শিয়ার সঙ্গে আলোচনা এগিয়ে নেওয়ার পাশাপাশি বিশ্ব ব্যাংকের সঙ্গে জট খোলার কাজও চালিয়ে যাওয়া হবে। এদিকে দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে থাকা পদ্মা সেতু প্রকল্পের প্রাক-যোগ্যতা নির্ধারণী প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত তালিকার কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের একটি ইউনিটের বিশ্ব ব্যাংকের কোনো প্রকল্পে অংশগ্রহণের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি হয়েছে গত সপ্তাহে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৪০৬ ঘ.