বেনাপোল, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত ও বাংলাদেশের পর পর দুই দিন সরকারি ছুটির দিন থাকায় বেনাপোল স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার সকাল থেকে দুই দিনের জন্য আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে গেছে। এতে পচনশীল পণ্যসহ অন্যান্য পণ্য নিয়ে সীমান্তের দুই পাশে আটকা পড়েছে কয়েকশ’ ট্রাক।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার জৈন ধর্মের প্রবর্তক সাধক মহাবীরের জন্মদিন উপলক্ষে ভারতে সরকারি ছুটি ছিল। পরদিন শুক্রবার বাংলাদেশে আবার সাপ্তাহিক ছুটি। তবে শনিবার থেকে আমদানি-রপ্তানি পুরোদমে চলবে।
বন্দর কর্মকর্তা আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভারতে সাধক মহাবীরের জন্মদিনের সরকারি ছুটির কারণে বৃহস্পতিবার আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দরের কাজকর্ম স্বাভাবিক নিয়মে চলছে।”
তিনি জানান, বন্দরে মালামাল লোড-আনলোডসহ পণ্য খালাস প্রক্রিয়া চলছে।
এ ছাড়া দুদেশের মধ্যে যাত্রী চলাচলও স্বাভাবিক রয়েছে বলে জানান বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক কামরুজ্জামান।
ভারতীয় পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভারতের পেট্রাপোল বন্দরে পাঁচ শতাধিক পণ্যবোঝাই ট্রাক আটকা পড়েছে।”
বেনাপোল চেকপোষ্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আমীর মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতি ও শুক্রবার দু’দিন বন্ধ থাকলেও শনিবার সকাল থেকে পুরোদমে আমদানি রপ্তানি চলবে। তবে শনিবার সাপ্তাহিক ছুটির কারণে রাজস্ব বিভাগের কাজকর্ম বন্ধ থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এসইউ/১৮২৬ ঘ.
bdnews24