২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘট প্রত্যাহার, চট্টগ্রামে শুল্কায়ন শুরু

সিঅ্যান্ডএফ এজেন্টরা তাদের ধর্মঘট প্রত্যাহার করায় চট্টগ্রাম কাস্টম হাউজে শুল্কায়ন প্রক্রিয়া মঙ্গলবার বিকাল থেকে পুনরায় শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2012, 12:47 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

চট্টগ্রাম, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিঅ্যান্ডএফ এজেন্টরা তাদের ধর্মঘট প্রত্যাহার করায় চট্টগ্রাম কাস্টম হাউজে শুল্কায়ন প্রক্রিয়া মঙ্গলবার বিকাল থেকে পুনরায় শুরু হয়েছে। কাস্টম কর্মকর্তাদের সঙ্গে দিনভর বৈঠকের মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সিঅ্যান্ডএফ এজেন্টরা তাদের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা দেয়। বৈঠকে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক) নাসির উদ্দিন ছিলেন। বৈঠক শেষে কাস্টম কর্মকর্তা ও সিঅ্যান্ডএফ এজেন্ট নেতরা যৌথভাবে সাংবাদিকদের কাজ শুরুর বিষয়টি জানান। এরপর চট্টগ্রাম কাস্টম হাউসে শুল্কায়ন কার্যক্রম সচল হয়। সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক কাজী মাহমুদ ইমাম বিলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাস্টম কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সমঝোতা হওয়ার পর আমরা কাজ শুরুর সিদ্ধান্ত নিয়েছি।” আমদানি করা কন্টেইনার পণ্য বিভিন্ন পর্যায়ে খালাসের ক্ষেত্রে আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের বাধ্যবাধকতা আরোপ করায় সোমবার বেলা সাড়ে ১২টা থেকে সিঅ্যান্ডএফ এজেন্টরা কাজ বন্ধ রাখলে কাস্টম হাউজে শুল্কায়ন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। মাহমুদ ইমাম জানান, কাস্টম কর্তৃপক্ষ আমদানিকৃত কন্টেইনার বিভিন্ন পর্যায়ে খালাসের ক্ষেত্রে শুধু আমদানিকারকের অঙ্গীকারনামা দেওয়ার বিষয়ে একমত হয়েছেন। তবে সিঅ্যান্ডএফ এজেন্টদের এক্ষেত্রে সত্যায়িত করতে হবে। কাস্টম হাউজের নিয়ম অনুযায়ী, আমদানি পণ্যের কন্টেইনার জাহাজ থেকে খালাস করে আমদানিকারকের কাছে হস্তান্তরের আগে তাদের কাছ থেকে একটি অঙ্গীকারনামা নেওয়া হয়। নতুন নিয়মে আমদানিকারকের পাশাপাশি সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠানকেও তা দিতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৮৩৫ ঘ.