ঢাকা, এপ্রিল ০১ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম)- অনুমোদনবিহীন কোনো প্রতিষ্ঠানের সঙ্গে ব্যাংকের মতো লেনদেন না করতে সবার প্রতি নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
গত কয়েক দিনে বিভিন্ন সংবাদপত্রে ডেসটিনি গ্রুপের ‘অবৈধ ব্যাংকিং’ নিয়ে খবর প্রকাশের মধ্যে রোববার সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনা এল।
বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক (গভর্নর সচিবালয়) এ এফ এম আসাদুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন নামে কতিপয় প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের অনুমোদন না নিয়ে ব্যাংক-ব্যবসার অনুরূপ ব্যবসা পরিচালনা করছে।
“এ ধরনের প্রতিষ্ঠান অস্বাভাবিক উচ্চ হারে সুদ ও আকর্ষণীয় মুনাফার লোভ দেখিয়ে জনসাধারণ থেকে অর্থ সংগ্রহ করছে।”
অনুমোদনবিহীন এসব প্রতিষ্ঠানের মুনাফার লোভে বিনিয়োগ করলে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দেশবাসীকে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।
মুনাফার লোভ দেখিয়ে নিরীহ মানুষকে প্রতারণা থেকে রক্ষা করতে দ্রুত মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) আইন প্রণয়নের সুপারিশ রোববারই করেছে সংসদীয় কমিটি।
একই সঙ্গে ডেসটিনিসহ এই ধরনের এমএলএম কোম্পানির বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংক গভর্নরকে অনুরোধ জানাবে সংসদীয় কমিটি।
ডেসটিনি গ্রুপের বিরুদ্ধে অবৈধভাবে ব্যাংকিংয়ের অভিযোগের বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, যদি বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক কিছু বলে তবে ব্যবস্থা নেবেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৯০২ ঘ.
bdnews24