ঢাকা, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় ও জোটের বিবেচনা থেকে সরকার নতুন ব্যাংকের লাইসেন্স দিতে যাচ্ছে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপি।
শনিবার এক স্মরণসভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে অর্থনীতির ‘বিপর্যস্ত অবস্থার’ মধ্যেও সরকার নতুন ব্যাংক লাইসেন্স দিচ্ছে।
“আমরা শুনেছি, সরকারের মন্ত্রী, আত্মীয়-স্বজন এবং মহাজোটের লোকজনকে এসব ব্যাংক দেওয়া হচ্ছে। নতুন ব্যাংকের মালিকের তালিকায় মহাজোটের শরিক এরশাদের নামও এসেছে। ১/১১ এর ষড়যন্ত্রকারী মইন ইউ আহমেদের ভাইয়ের নামও আছে।”
“এভাবে যারা জনগণের অর্থ লুটপাট করেছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তাদেরকেই নতুন ব্যাংক দেওয়া হচ্ছে। উদ্দেশ্য একটাই- ব্যাংক দিয়ে তাদের খুশি রাখা”, বলেন ফখরুল।
গত বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, আগামী এপ্রিলের মধ্যে নতুন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে। তবে কাদের বা কয়টি লাইসেন্স দেওয়া হবে- সে বিষয়ে এখনো কিছু প্রকাশ করেনি সরকার।
মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকারের ভ্রান্ত নীতির কারণে পোশাক, বস্ত্র ও ওষুধ শিল্প ধ্বংস হয়ে যাচ্ছে। অনেক পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে।
“পুঁজিবাজারের ৩৩ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীর এক হাজার কোটি টাকা ‘দরবেশ’ হিসেবে পরিচিত ক্ষমতাসীন দলের এক ব্যক্তিসহ সরকারের লোকজন লুট করে বিদেশে পাচার করে দিয়েছে। কোনো বিচার হয়নি।”
বিদ্যুৎ খাতেও ব্যাপক দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেন সাবেক প্রতিমন্ত্রী ফখরুল। তিনি বলেন, “কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট স্থাপন করে সরকার তিন বছরে বিদ্যুৎ সমস্যার সমাধান করতে পারেনি। উল্টো এই প্রকল্পের মাধ্যমে সরকারের লোকজন ২০ হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে।”
সরকার পরিবর্তনের মাধ্যমে এই অবস্থার অবসান ঘটাতে হবে বলে উল্লেখ করেন এই বিএনপি নেতা।
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এই স্মরণসভার আয়োজন করে।
দলে খোন্দকার দেলোয়ারের অবদান স্মরণ করে মির্জা ফখরুল বলেন, “তার মৃত্যু আমাদের কাছে পাহাড়ের মতো ভারি হয়ে থাকে। কারণ ১/১১ তে তিনিই বিএনপিকে রক্ষা করেছিলেন। তার এই অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে।”
স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে এ স্মরণসভায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, শওকত মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ সহসভাপতি মুনীর হোসেন, সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, কেন্দ্রীয় নেতা ইয়াসীন আলী, আলী রেজা রিপন বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৪৪৪ ঘ.
bdnews24