ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের বছরের তুলনায় সামান্য আয় বাড়লেও চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।
চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম তিন মাসে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি থেকে ৬৬৩ কোটি ৬০ লাখ ডলার আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। এর বিপরীতে আয় হয়েছে ৬২৯ কোটি ১৪ লাখ ডলার।
গত বছরের একই সময়ে আয় হয়েছিল ৬১৬ কোটি ৩৭ লাখ ডলার।
এ হিসাবে এই তিন মাসে লক্ষ্যমাত্রার চেয়ে রপ্তানি আয় কম হয়েছে ৫ দশমিক ১৯ শতাংশ এবং গত বছরের একই সময়ের চেয়ে আয় বেড়েছে ২ দশমিক শূন্য ৭ শতাংশ।
মঙ্গলবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত পরিসংখ্যানে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
পরিসংখ্যানে দেখা যায়, রপ্তানি আয়ের প্রধান খাত নিট পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জিত হলেও ওভেন পোশাক রপ্তানি লক্ষ্যমাত্রার চেয়ে কম হয়েছে।
জুলাই-সেপ্টেম্বর সময়ে লক্ষ্যমাত্রার চেয়ে নিট পোশাক রপ্তানি বেড়েছে ১ শতাংশ। তবে ওভেন পোশাকের রপ্তানি কম হয়েছে ৫ দশমিক ১৩ শতাংশ।
এ সময়ে নিট পোশাক রপ্তানি থেকে ২৫৪ কোটি ডলার এবং ওভেন রপ্তানি থেকে ২৪৫ কোটি ৬৮ লাখ ডলার আয় হয়েছে।
গত বছরের একই সময়ের তুলনায় নিট পোশাক রপ্তানি কমেছে ১ দশমিক ৫৪ শতাংশ। তবে ওভেন পোশাক রপ্তানি বেড়েছে ১০ শতাংশ। এ ছাড়া পাট ও পাটজাত পণ্য রপ্তানি ২ দশমিক ৫৭ শতাংশ বাড়লেও তা লক্ষ্যমাত্রার চেয়ে তা ২ দশমিক ১০ শতাংশ কম।
প্রথম প্রান্তিকে হিমায়িত মাছ রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৩০ দশমিক ৫০ শতাংশ কম হয়েছে। এ সময়ে আয় হয়েছে ১৩ কোটি ডলার, যা লক্ষ্যমাত্রা চেয়ে ২২ শতাংশ কম।
এ ছাড়া চা রপ্তানি ২৩ শতাংশ বাড়লেও লক্ষ্যমাত্রার চেয়ে তা ২৫ দশমিক ৫৩ শতাংশ কম।
ওষুধ, চামড়া, ফুটওয়্যার, বাই সাইকেল রপ্তানিতেও লক্ষ্যমাত্রা পূরণ হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএএইচ/এএল/১৯১৬ ঘ.
bdnews24