২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬.১% প্রবৃদ্ধির পূর্বাভাস আইএমএফের

চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ১ শতাংশ অর্জিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2012, 10:03 AM

Updated : 24 Aug 2022, 12:18 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ১ শতাংশ অর্জিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। অবশ্য আইএমএফের এই পূর্বাভাসে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি শূন্য দশমিক ২ কমিয়ে ৩ দশমিক ৩ শতাংশ অর্জিত হতে পারে বলে বলা হয়েছে। এর আগে গত জুলাইয়ে এ প্রবৃদ্ধি ৩ দশমিক ৫ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি। আইএমএফ বলেছে, আগামী ২০১৭ সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ দশমিক ৩ শতাংশে পৌঁছাতে পারে। টোকিওতে অনুষ্ঠেয় আইএমএফ-বিশ্ব ব্যাংকের সভা সামনে রেখে মঙ্গলবার প্রকাশিত এ পূর্বাভাসে বলা হয়, বেকায়দায় থাকা ইউরোপীয় সরকারগুলো জনগণের আস্থা ফিরে পেতে ব্যর্থ হওয়ায় বিশ্ব অর্থনীতির ‘পুনরুদ্ধার’ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। এছাড়া আগামী বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য হারে কর বৃদ্ধি ও সরকারি ব্যয় কমানোর যে সিদ্ধান্ত রয়েছে তার বাস্তবায়ন হলে বিশ্ব অর্থনীতি ফের মন্দার মুখে পড়তে পারে। চলতি অর্থবছরের বাংলাদেশের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ। আর গত অর্থবছরে ৬ দশমিক ৩ শতাংশ হারে প্রবৃদ্ধি হয়। এর আগে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)ও বলেছে, এ অর্থবছরে ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হতে পারে। এডিবির পূর্বাভাস বলা হয়, “শিল্প খাতে প্রবৃদ্ধি এবার ৭ দশমিক ৫ শতাংশে নেমে আসবে। গত অর্থবছরে এ খাতে প্রবৃদ্ধি হয়েছিল ৯ দশমিক ৫ শতাংশ। সেবা খাতেও এবার প্রবৃদ্ধি কমে ৬ দশমিক ৫ শতাংশ হবে। তবে কৃষি খাতের প্রবৃদ্ধি ২ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ৪ দশমিক ৫ শতাংশ হতে পারে।” ইউরো জোনে অর্থনৈতিক সংকটের কারণে ইউরোপের বাজারে বাংলাদেশের রপ্তানি কমে যেতে পারে বলেও এডিবির পূর্বাভাসে বলা হয়। আইএমএফ-বিশ্ব ব্যাংকের ওই সভায় যোগ দিতে এরইমধ্যে ঢাকা ছেড়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান গত রোববার টোকিও যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/জেকে/১৬০১ ঘ.