আবদুর রহিম হারমাছি
প্রধান অর্থনৈতিক প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ব্যাংক ও আইএমএফের বার্ষিক সভায় যোগ দিতে এক সপ্তাহের সফরে মঙ্গলবার জাপান যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সেখানে বিশ্ব ব্যাংক, এডিবিসহ অন্য দুই দাতা সংস্থার শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পদ্মা সেতু বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি।
অর্থমন্ত্রী সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ব ব্যাংক-আইএমএফের বার্ষিক সভায় আমাদের পদ্মা সেতুতে যে চার দাতা সংস্থা অর্থায়ন করছে, তাদের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। তাদের সবার সঙ্গেই আমার দেখা হবে এবং অবশ্যই সেখাতে পদ্মা সেতুর বিষয়টি থাকবে।”
“আমরা (সরকার) চাই, পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংক যে দুর্নীতির অভিযোগ তুলেছে সেটার তদন্ত এবং প্রকল্প বাস্তবায়নের কাজ একসঙ্গে চলুক। টোকিওতে দাতাদের সঙ্গে এ বিষয়টি নিয়েই আমার আলোচনা হবে। আশা করছি তারা এ বিষয়ে একমত হবেন,” বলেন তিনি।
দুর্নীতির অভিযোগ তুলে দেশের সর্ববৃহৎ নির্মাণ প্রকল্প থেকে বিশ্ব ব্যাংক সরে দাঁড়ালে এই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সরকারের নানামুখী চেষ্টার পর বিশ্ব ব্যাংক অবশ্য প্রকল্পে ফেরার ঘোষণা দিয়েছে।
তবে দুর্নীতি দমন কমিশনের তদন্ত পর্যবেক্ষণে একটি প্যানেল করেছে বিশ্ব ব্যাংক। তাদের প্রতিবেদনের ওপরই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে বলে জানিয়েছে সংস্থাটি।
মুহিত বলেন, “বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে ফিরে এসেছে। অন্য তিন সংস্থা স্বাগত জানিয়েছে এবং দ্রুত কাজ শুরু করতে বলেছে। আমাদের এখন প্রকল্পটি বাস্তবায়নের কৌশল ঠিক করতে হবে। আর সেদিকেই আমরা অগ্রসর হচ্ছি। আশা করছি, দ্রুত এ কাজটি আমরা শেষ করতে পারব।”
পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংক ও অন্য দাতাদের সঙ্গে আলোচনা ‘যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু করা হবে’ জানিয়ে অর্থমন্ত্রী বলেন, “এমনিতেই একটি বছর দেরি হয়েছে। আর দেরি করতে চাই না।
“বিশ্ব ব্যাংকও তেমনটিই মনে করে। আমরা ফেব্রুয়ারি মধ্যে তদন্ত, টেন্ডারসহ অন্য সব প্রক্রিয়া শেষ করে এপ্রিল-মে মাসের মধ্যে সেতুর বাস্তবায়ন কাজ শুরু করতে চাই।”
বিশ্ব ব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে কোনো বৈঠক হবে কি না- জানতে চাইলে মন্ত্রী বলেন, তার সঙ্গে বৈঠকের কোনো সূচি না থাকলেও দেখা হলে অবশ্যই পদ্মা সেতুর বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা করবেন তিনি।
মুহিত বলেন, “টোকিওতে বিশ্ব ব্যাংকের সঙ্গে যে আলোচনা হবে, এর সবই পদ্মা সেতু নিয়ে।”
অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শাহেদুর রহমান সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার দুপুর দেড়টায় অর্থমন্ত্রী টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়বেন। ফিরবেন ১৬ অক্টোবর।
অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব এস এম জাকারিয়া অর্থমন্ত্রীর সঙ্গে যাবেন।
মন্ত্রণালয় থেকে পাঠানো অর্থমন্ত্রীর সফরসূচিতে দেখা যায়, ভারতের অর্থমন্ত্রীসহ ছাড়াও মুহিত বিভিন্ন দেশের অর্থমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন।
এছাড়া আইএমএফ, এডিবি, জাইকা, আইডিবির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/২১৩০ ঘ.
bdnews24