ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় অস্ট্রেলিয়া খুব শিগগিরই বাংলাদেশকে আরো অর্থ সহায়তার আশ্বাস দিয়েছে।
অসএইড’র দক্ষিণ-পশ্চিম এশিয়া বিভাগের সহকারী মহাপরিচালক স্কট ডসন মঙ্গলবার পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে তার সচিবালয়ের দপ্তরে দেখা করে এ আশ্বাস দেন।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গঠিত ‘বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ড (বিসিসিআরএফ)’-এ অস্ট্রেলিয়া ইতোমধ্যে ১৬ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা দিয়েছে।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রীর সঙ্গে বৈঠকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা বিষয়ে আলোচনা হয়।
হাছান মাহমুদ অসএইড কর্মকর্তাকে জানান, বিসিসিআরএফ-এ বিভিন্ন দেশ থেকে ইতোমধ্যে ১৭০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা পাওয়া গেছে। এরমধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে কয়েকটি প্রকল্প বাস্তবায়নে ১৪৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়।
এ খাতে নতুন প্রকল্প গ্রহণে বিসিসিআরএফ-এ আরো অর্থের প্রয়োজনের কথা উল্লেখ করে পরিবেশ মন্ত্রী অসএইড-কে আরো সহায়তা দেওয়ার আহ্বান জানান।
স্কট ডসন মন্ত্রীকে বলেন, অস্ট্রেলিয়া বাংলাদেশকে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে অত্যন্ত আগ্রহী। খুব শিগগিরই বাংলাদেশকে এ খাতে আরো অর্থ সহায়তা দেওয়ার উদ্যোগ নেবে অস্ট্রেলিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৮১০ ঘ.
bdnews24