২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট ঘাটতি নিয়ে অর্থমন্ত্রী উদ্বিগ্ন

চলতি অর্থবছরে বাজেট ঘাটতি ৫ শতাংশের মধ্যে রাখা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2012, 02:11 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরে বাজেট ঘাটতি ৫ শতাংশের মধ্যে রাখা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার এক আলোচনায় তিনি বলেন, “এ অর্থবছরে সম্ভাব্য বাজেট ঘাটতি ধরা হয়েছে ৪৫ হাজার কোটি টাকা। তবে ঘাটতি এর মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে কি না- সে ব্যাপারে আমি নিশ্চিত নই।” আলোচনায় মূল্যস্ফীতিকে সরকারের সবচেয়ে বড় সমস্যা বলে উল্লেখ করেন তিনি। ঢাকা মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) আয়োজিত আলোচনায় মুহিত বলেন, বাজেটে অভ্যন্তরীণ উৎস থেকে ২৭ হাজার কোটি টাকা এবং দেশীয় উৎস থেকে ১৭ হাজার কোটি টাকা আসবে বলে ধরা হয়েছিল। কিন্তু এবার বিদেশি সাহায্য প্রত্যাশিত মাত্রায় আসেনি। দেশের অর্থনৈতিক পরিস্থিতি ‘অস্থিতিশীল’ বলে স্বীকার করলেও অবস্থা ‘ভঙ্গুর’ বলে মনে করেন না মুহিত। “অস্থিরতা যে আছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এটা ভঙ্গুর অবস্থায় পৌঁছেনি,” বলেন তিনি। বিদেশি সাহায্য বিগত সরকারগুলো বিদেশি সাহায্য ব্যবহারে দক্ষতার পরিচয় দিতে পারেনি মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, “বিদেশি সাহায্য ব্যবহারে এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছে। এই অর্থ ব্যবহারে যে শৃঙ্খলা প্রয়োজন, তাও কমে গেছে।” সরকার সাধারণত পাইপ লাইনে থাকা বিদেশি সহায়তার ২০ শতাংশ অর্থ ব্যয় করে। তবে এখন তা হচ্ছে না। মুহিত বলেন, “সহায়তার ২০ শতাংশ ব্যবহার করতে পারলে আমাদের দেশীয় উৎসেরও দরকার হয় না।” বর্তমানে এক হাজার তিনশ কোটি ডলার বিদেশি সহায়তা পাওয়ার মতো অবস্থা রয়েছে। ভর্তুকি মুহিত বলেন, বাজেটে ভর্তুকি জিডিপির দুই দশমিক তিন শতাংশ ধরা হলেও এবার তা ছাড়িয়ে যাবে। “মূল্যস্ফীতির ওপর যাতে কম চাপ পড়ে সেজন্য আমরা ধাপে ধাপে ভর্তুকি কমাবো,” যোগ করেন তিনি। গণমাধ্যম ও রাজনীতিবিদ দেশের অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হলে একদল রাজনীতিবিদ, গণমাধ্যম ও বুদ্ধিজীবী তা নিয়ে খুব সোচ্চার হয়ে ওঠেন বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। “কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি ভালো থাকলে তারা কোনো উচ্চবাচ্য করে না।” তিনি বলেন, “বাস্তব পরিস্থিতি না বুঝে সরকার ও বিরোধীদলীয় অনেক রাজনীতিবিদ মাঝে মাঝে অর্থনীতি নিয়ে ভীতিকর মন্তব্য করেন।” গণমাধ্যম ও বুদ্ধিজীবীদের বিষয়ে তিনি বলেন, “অর্থনীতি খারাপ অবস্থায় থাকলে আপনার অবশ্যই আপনারা সমালোচনা করবেন। তবে অর্থনীতি যখন ভালো থাকে তখন আপনাদের তা জনগণকে জানানো উচিত।” তিনি বলেন, অনেকেই ব্যাংক সরকারি ঋণের বিষয়টি নিয়ে খুব সোচ্চার হয়েছিলেন। কিন্তু এ ঋণের পরিমাণ এখন ১৫ হাজার থেকে ১৭ হাজার কোটি টাকায় নেমে এসেছে। অথচ কেউ তা নিয়ে কোনো প্রতিবেদন প্রকাশ করেনি। এ সময় উদাহরণ দিতে গিয়ে মন্ত্রী বলেন, স্পেনের একটি দল তার সঙ্গে দেখা বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছিলো। “তারা আমাকে জানিয়েছিলো যে, তারা বাংলাদেশ সম্পর্কে তেমন কিছু জানে না। কিন্তু অর্থনীতি নিয়ে সংবাদ মাধ্যমে হৈ চৈ দেখে তারা চলে গেছে।” পুঁজিবাজার মন্ত্রী বলেন, কোনো কোম্পানির পরিচালকদের ওই কোম্পানির দুই শতাংশ মালিকানা রাখার যে বিধান স¤প্রতি করা হয়েছে তা প্রত্যাহার করা ঠিক হবে না। “পুঁজিবাজারে দেড় হাজার পরিচালক আছেন কোম্পানিতে যাদের নামমাত্র অংশিদারিত্ব আছে। এটা দায়িত্বহীন আচরণ।” “পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব ফেলার এটা একটা উপাদান,” যোগ করেন মুহিত। পুঁজিবাজারের সা¤প্রতিক অস্থিরতা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে আমার কোনো মন্তব্য করা উচিত হবে না।” “সরকারের অবস্থান খুবই স্পষ্ট। নিয়ন্ত্রক সংস্থা এসইসি-ই পুঁজিবাজার দেখবে।” আইএমএফ ও বিশ্বব্যাংক আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্ব ব্যাংকের পরামর্শে সরকার চলছে বলে যে সমালোচনা রয়েছে তা উড়িয়ে দিয়ে অর্থমন্ত্রী বলেন, “আইএমএফ ও বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে চাপ থাকা না থাকায় কিছু যায় আসে না, মানুষ এটা বলবেই।” “আমরা আইএমএফকে ডাকিনি। তারা বরং তাদের একটি কর্মসূচি গ্রহণের জন্য আমাদের প্রস্তাব দিয়েছে।” মন্ত্রী বলেন, “২০০৯-১০ অর্থবছরে আমি আইএমএফকে বলেছিলাম, বাংলাদেশে লেনদেন ভারসাম্যের সংকট না থাকায় তোমাদের সহায়তার দরকার নেই। তারপর তারা স¤প্রসারিত ঋণ সহায়তা (ইসিএফ) নিয়ে এগোয়। এখন লেনদেন ভারসাম্যের সমস্যা দেখা দেওয়ায় ওই ঋণ সহায়তা আমাদের প্রয়োজন।” দেশে লেনদেন ভারসাম্যের অবস্থা খারাপের দিকে যেতে থাকায় আইএমএফ’র কাছ থেকে একশ’ কোটি ডলার ইসিএফ তহবিল আনার জন্য সংস্থাটির সঙ্গে সমঝোতা আলোচনা চালাচ্ছে সরকার। কয়লা নীতি মুহিত বলেন, বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানি নির্ভরশীলতা ফার্নেস অয়েল থেকে কয়লার দিকে নিতে পারলে বিদ্যুতের দাম অনেক কমে আসবে। “২০১৪ সাল থেকে বড় বড় কয়লা খনিগুলোর কাজ শুরু হবে এবং বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এটা ফার্নেস অয়েলের ওপর চাপ কমাবে।” কয়লা নীতি সম্পর্কে তিনি বলেন, “ওই এলাকা [ফুলবাড়ি] ঘনবসতিপূর্ণ এবং সেখানে কূপ খনন খুবই কঠিন।” “[সেখানে] কয়লা উত্তোলনে উন্মুক্ত খনন পদ্ধতিই সমাধান।” ভারত ও চীনের চ্যালেঞ্জ অর্থ সচিব মো. তারেক বলেন, ভারত ও চীন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। “চীন ও ভারতের চাহিদা পূরণ হলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আরো বাড়বে।” অবশ্য এই কর্মকর্তা বলেন, “এক সময় সত্যি মনে না হলেও এখন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আগামী পাঁচ বছরের মধ্যে এ দেশের প্রবৃদ্ধি দুই অঙ্কে পৌঁছাবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/২০১১ ঘ.