২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আলোচনা ছাড়া সিএনজির দাম বাড়ালে বিক্রি বন্ধ’

আলোচনা ছাড়া রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বাড়নো হলে ব্যবসা বন্ধের হুমকি দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ঔনার্স অ্যাসোসিয়েশনসহ ছয়টি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2012, 01:46 PM

Updated : 24 Aug 2022, 10:34 AM

ঢাকা, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচনা ছাড়া রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বাড়নো হলে ব্যবসা বন্ধের হুমকি দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভারশন ওয়ার্কশপ ঔনার্স অ্যাসোসিয়েশনসহ ছয়টি সংগঠন। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম চৌধুরী শনিবার এ হুমকি দিয়ে বলেন, “সৃষ্ট যে কোনো পরিস্থিতির দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।” সরকারের ‘উৎসাহ-উদ্দীপনার কারণে’ বেসরকারি খাতে তারা সিএনজি রি-ফুয়েলিং স্টেশন, কনভার্শন ওয়ার্কশপ, সিএনজি চালিত বাস, ট্যাক্সি ক্যাব বেবিট্যাক্সি ইত্যাদিতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেন বলে উল্লেখ করেন তিনি। শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে যৌথ এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা বলেন সাজিদুল। এ সময় অন্য পাঁচ সংগঠন অ্যাসোসিয়েশন অব বাস কোম্পানিজ, ট্যাক্সি ক্যাব অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ফোর স্ট্রোক সিএনজি অটোরিক্সা ঔনার্স অ্যাসোসিয়েশন, ঢাকা মহানগর সিএনজি অটোরিক্সা মালিক সমিতি ও ঢাকা বাস- ট্রাক ঔনার্স গ্র“পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সরকার বারবার সিএনজি’র মূল্য বৃদ্ধি করায় বাস, বেবিট্যাক্সি, ট্যাক্সিক্যাব ও পণ্যবাহী যানবাহনের ভাড়া বেড়ে সাধারণ মানুষকে এর ভার বহন করতে হচ্ছে বলে মন্তব্য ঔনার্স অ্যাসেসিয়েশনের সাধারণ সম্পাদক সাজিদুল। তিনি বলেন, “বর্তমানে ঢাকা মহানগরীতে প্রায় ৯০ শতাংশ বাস ও মিনিবাসে সিএনজি ব্যবহৃত হয়। সিএনজি বাসকে প্রণোদনা না দিলে তা কোনোভাবে টিকিয়ে রাখা যাবে না।” গত ১২ মে ও ১৯ সেপ্টেম্বর দুই দফায় প্রতি ঘনমিটার সিএনজির দাম মোট ১৩ টাকা বাড়ানো হয়। বর্তমানে প্রতি ঘনমিটার সিএনজি বিক্রি হচ্ছে ৩০ টাকায়। গত নভেম্বরে সরকার সিএনজির দাম বাড়ানোর ঘোষণা দিলে এ অ্যাসোসিয়েশনসহ চারটি সংগঠন সংবাদ সম্মেলন করে জানায়, গণশুনানি ছাড়া দাম বাড়ানো হলে তারা ধর্মঘটে যাবে। সেসময় সিএনজির দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। বর্তমানে সারাদেশে পাঁচশ ৮৫টি সিএনজি স্টেশন, একশ ৭০টি কনভার্শন ওয়ার্কশপ রয়েছে। প্রায় দু লাখ ২০ হাজার গাড়িতে জ্বালানি হিসেবে সিএনজি ব্যবহৃত হচ্ছে। দেশের উৎপাদিত গ্যাসের মাত্র পাঁচ শতাংশ সিএনজিতে ব্যবহার হয় এর মধ্যে দুই দশমিক পাঁচ শতাংশ ব্যবহার হয় গণপরিবহনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/১৯৪২ ঘ.